ভারতের ওপেনিং কম্বিনেশন নিয়ে বড় মন্তব্য বিরাটের

Virat Kohli
Virat Kohli. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

টি ২০ বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করার সম্ভাবনা ছিলো বিরাট কোহলির। সেইমতো আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনও করেছেন তিনি। তবে সোমবার ইংল্যান্ডের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নামতে দেখা যায় ভারত অধিনায়ককে। তারপরই জল্পনা শুরু হয় তাহলে কি বিরাট কোহলি ওপেন করবেন না ? সেই জল্পনার অবসান করলেন নিজেই।

বিরাটের কথায়, ‘আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমানে রাহুল ব্যতীত ওপেনিং পজিশনে অন্য কারুর দিকে তাকানোটা প্রায় অসম্ভব। রোহিতের বিষয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বমানের ক্রিকেটার ও এবং টপ অর্ডারে দারুণ পারফর্ম করে আসছে। আমি তিন নম্বরে ব্যাট করব। এখন আপাতত আমি এইটুকুই জানাতে পারব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ বলে ৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে রাহুল কিন্তু প্রমাণ করে দেন, তাঁর ওপেনিং করা নিয়ে সত্যিই কোন প্রশ্ন থাকতে পারে না।

প্রসঙ্গত, প্রথম প্রস্তুতি ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। ইংল্যান্ডের দুই ওপেনারকেই ফেরান মহম্মদ শামি (Mohammed Shami) । এদিন অইন মর্গ্যান খেলেননি। তাঁর বদলে ইংল্যান্ডের নেতৃত্ব দেন জস বাটলার। ইংল্যান্ডের ব্যাটিংয়ে রান তোলার গতি বাড়িয়ে দেন জনি বেয়ারস্টো ও মঈন আলি। বেয়ারস্টো ৪টি বাউন্ডারি ও ১টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৪৯ রান করেন। মাত্র ২০ বলে ৪৩ রানের অপরাজিত ছিলেন অলরাউন্ডার মঈন আলি। ফলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে তারা।

শামি ৪ ওভারে ৪০ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। রাহুল চাহার ও জসপ্রীত বুমরা ১টি করে উইকেট নেন। তবে এ দিন বোলিং করেননি হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে দলের জয়ের রাস্তা তৈরি করে দিলেন দুই ওপেনার রাহুল ও ইশান। রাহুল মাত্র ২৪ বলে ৫১ রান করেন। বিস্ফোরক মেজাজে ৪৬ বলে ৭০ রান করেন তরুণ ইশান। শেষ দিকে ১৪ বলে ২৯ রান করে অপরাজিত রইলেন পন্থ। ফলে অনায়াসে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

close whatsapp