বিশ্বকাপের জন্য ভারতের দল নির্বাচনে ভুল ছিল, মনে করেন মানিন্দর সিং
অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দেওয়া প্রসঙ্গেও সরব হলেন
আপডেট করা - Nov 4, 2021 12:58 pm

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মানিন্দর সিং মনে করেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল নির্বাচনের সময় থেকেই ভারত ভুল করা শুরু করেছে এবং সেই সঙ্গে তিনি কঠোর সমালোচনা করেছেন স্কোয়াড নির্বাচনের সময় অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দেওয়ার বিষয়কে।
টি-২০ বিশ্বকাপ ২০২১-এর প্রথম দুটি ম্যাচে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে দুটি গুরুত্বপূর্ণ খেলা হেরেছে। ওই দুটি ম্যাচে ভারত শুধু হারেইনি, বেশ বড় পরাজয়ের সম্মুখীন হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ভারত হারে ১০ উইকেটে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে। ফলে ভারতের নেট রান রেটও এখন খুব একটা সুবিধাজনক নয়। ভারতের আশা তাই এখন অনেকটাই কমে গেছে এবং হয়তো তারা সেমিফাইনালে যেতে পারবে না।
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ তাদের তৃতীয় লড়াইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে আফগানদের বেশ বলিষ্ঠভাবে পরাজিত করেছে। নব উদ্যমে খেলতে নেমে ভারত একটি দৃঢ় প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছিল। ভারত ম্যাচ জেতে ৬৬ রানে। তবে এই জয়ের পরেও ভারতের সেমিফাইনাল যাওয়া থমকে যেতে পারে কারণ নিউজিল্যান্ড তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে।
মনিন্দর সিং মনে করেন হার্দিকে বোলিং না করলে তাঁর খেলা উচিত নয়
মনিন্দর সিং উল্লেখ করেছেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলায় ভারতের তিনজন স্পিনার এবং তিনজন মিডিয়াম পেসার নিয়ে যাওয়া উচিত ছিল, যা কার্যক্ষেত্রে হয়নি। তিনি উল্লেখ করেছেন যে তিনি হার্দিকের পরিবর্তে শার্দুল ঠাকুরকে চেয়েছিলেন এবং বিশ্বাস করেন যে হার্দিক যদি বোলিং করেন একমাত্র তখনই তাঁর খেলা উচিত।
“আর অশ্বিন আমার দলে ছিলেন (নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য)। আমার পছন্দমাফিক দলে তিনজন স্পিনার ছিল এবং হার্দিক পান্ডিয়ার পরিবর্তে শার্দুল ঠাকুর ছিল। কারণ হার্দিক যদি বোলিং করতে না যান, আপনি তাকে খেলতে পারবেন না। যদি অধিনায়ক বা কোচ বা কেউ বলে যে তিনি ব্যাটার হিসাবেও দলের জন্য ভাল, (এটি) একেবারেই ভুল,” মনিন্দর সিং টাইমস অফ ইন্ডিয়ার সাথে তাঁর কথোপকথনে মতামত দিয়েছেন।
“দল বাছাইয়ের সময় থেকে ভুল হয়েছে… আপনি আর অশ্বিনকে এনেছেন, তাঁর অভিজ্ঞতা আছে বলে। একই সাথে আপনি দুজন খেলোয়াড়কে বাদ দেন যাদের অভিজ্ঞতা ছিল – শিখর ধাওয়ান এবং যুজবেন্দ্র চাহাল। সুতরাং আপনি যা বলছেন এবং আপনি যা ভাবছেন, তা মিলছে না,” তিনি যোগ করেছেন।
গতকালের খেলায় ভারতের টি-২০ দলে প্রত্যাবর্তন করে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে দারুণভাবে ফিরে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন।