আফগানিস্তানকে ভয়ঙ্কর প্রতিপক্ষ মেনে নিয়ে ভালো পারফর্ম করার ব্যাপারে বদ্ধপরিকর ইশ সোধি

পরিস্থিতিকে অহেতুক জটিল করে তুলতে চান না তিনি

Ish Sodhi
Ish Sodhi. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে রবিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটেই মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এই ম্যাচটির ওপর শুধু নিউজিল্যান্ড ও আফগানিস্তানের শেষ চারে যাওয়াই নির্ধারণ হবে, নির্ভর করছে ভারতের সেমিফাইনালে যাওয়া বা না যাওয়াও। ম্যাচটিতে কিউইরা জিতলেই আসর থেকে ছিটকে যাবে ভারত। একইসাথে কেন উইলিয়ামসনের দল চলে যাবে সেমিফাইনালে। গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চান ভারতীয় বংশোদ্ভূত কিউই ক্রিকেটার ইশ সোধি। গ্রুপ টুতে চারটি ম্যাচের চারটিতেই জিতে পাকিস্তান এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করেছে।

ভারতে অবস্থিত পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেছেন সোধি। সোধির মাত্র চার বছর বয়সে তাঁর পরিবার তাঁকে নিয়ে পাড়ি জমান নিউজিল্যান্ডের অকল্যান্ডে। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের জন্মভূমি বা সেখানকার কোটি কোটি সমর্থকদের আবেগ তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে না।

জন্মভূমির মায়া ত্যাগ করে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তোলার ক্ষেত্রেই বদ্ধপরিকর ২৯ বছর বয়সী এই লেগ-স্পিনার। যদিও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না, এমনটাও স্বীকার করে নিয়েছেন এই বিশ্বকাপের অন্যতম সেরা এই স্পিনার।

রশিদ খান, মুজিব উর রহমানরা ভয়ঙ্কর ক্রিকেটার

আফগানিস্তানের বিপক্ষে নামার আগে সোধি বলেন, “আমি জানি আমাদের দল খুব ভালো পারফর্ম করছে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্রিকেটার অবদান রাখছে। আমাদের দলের প্রতিই আমাদের নজর থাকবে। সেমিফাইনালে ওঠাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আফগানিস্তানের বিপক্ষে আমি আগে খেলিনি। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ওদের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আমি খেলেছি। আমি ভালো করেই জানি ওরা কতোটা ভয়ঙ্কর। রশিদ খান, মুজিব উর রহমানরা খুবই দারুণ ক্রিকেটার।”

তিনি পরিস্থিতিকে অহেতুক জটিল না করে পারফর্ম করার দিকেই গুরুত্ব দেওয়া উচিত। “যদি আমরা ম্যাচটিকে সহজভাবে দেখি, এবং আফগানিস্তানের শক্তি বিষয়ে সচেতন থেকে নিজেদের এতদিনের কাজগুলো করা চালিয়ে যেতে পারি তাহলে আমাদের চিন্তা করার কিছু নেই।”

তিনি আরও যোগ করেছেন, “যদি আমরা সেগুলি সত্যিই ভাল করতে পারি, আমি মনে করি তখন আমরা একটি ভাল পারফরম্যান্স করতে পারি। যদি আমরা দীর্ঘ সময়ের জন্য মৌলিক বিষয়গুলি ঠিক করে করি তাহলে আমি মনে করি আমরা নিজেদেরকে একটি ভাল সুযোগ দেব।”

সুপার টুয়েলভে জন্মভূমি ভারতের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল সোধির। সেই ম্যাচে ভারতকে হারাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট।

close whatsapp