ভারতের বিরুদ্ধে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি ইফতিখার আহমেদ
২৭শে অক্টোবর পার্থে জিম্বাবোয়ের মুখোমুখি হবে পাকিস্তান
আপডেট করা - Oct 27, 2022 11:07 am

দ্বিতীয় ইনিংসের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও, ২৩শে অক্টোবর, রবিবার, তাদের সুপার ১২ ম্যাচের শেষ ওভারে পাকিস্তান ভারতের কাছে হেরে যায়। শেষ বলে যখন এক রান প্রয়োজন তখন রবিচন্দ্রন অশ্বিন মিড-অফের উপর দিয়ে একটি লফটেড ড্রাইভ খেলে মেন ইন ব্লুকে জয় এনে দেন। ম্যাচের শেষ ওভার অবধি পাকিস্তান দাপট দেখালেও তাদের খালি হাতে ফেরত আসতে হয়।
হারের পরে পাকিস্তান শিবির স্তম্ভিত ছিল এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজয়ের পরে স্বাভাবিকভাবেই বিমর্ষ ছিল। সেই ম্যাচের পরে বেশ কিছু দিন কেটে গেলেও, পাকিস্তানের ব্যাটার ইফতিখার আহমেদ প্রকাশ করেছেন যে দল এখনও হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। তবে দলকে এগিয়ে নেওয়া এবং অনুপ্রাণিত করার জন্য অধিনায়ক বাবর আজম এবং কোচের প্রশংসা করেছেন তিনি।
“এত বড় ম্যাচ হারার পর কষ্ট থেকে যায়। আমাদের বুক ভেঙে গিয়েছিল। বাবর ও ম্যানেজমেন্ট যেভাবে খেলোয়াড়দের সমর্থন করেছে তা দুর্দান্ত। বাবর এবং কোচ আমাদের বলেছিল যে এটাই আমাদের শেষ ম্যাচ নয়, সবাই চেষ্টা করেছিল। তাই আমাদের মনোবল ঠিক জায়গায় আছে,” এএফপির সঙ্গে কথা বলার সময় ৩২ বছর বয়সী বলেছেন।
ভারতের বিরুদ্ধে ৩৪ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংসের পর জিম্বাবোয়ের বিপক্ষে ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত হবেন ইফতিখার। টুর্নামেন্টে নামার আগে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছিল কিন্তু চারে নেমে ইফতিখার মেলবোর্নে যে ইনিংস খেলেছেন তা দেখে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট স্বস্তি পেতে পারে। দুই ওপেনার তাড়াতাড়ি আউট হওয়ার পরে মেন ইন গ্রিনকে ১৫৯ রানে পৌঁছতে ইফতিখারের ইনিংস সহায়তা করেছিল। যদিও দল জেতেনি, তবুও পাকিস্তান প্রতিযোগিতার সেমি-ফাইনালে যোগ্যতা পাওয়ার জন্য এখনও অন্যতম ফেভারিট দল।
খেলোয়াড়রা পারফর্ম করার জন্য ক্ষুধার্ত: ইফতিখার আহমেদ
আগামী ২৮শে অক্টোবর পার্থে জিম্বাবোয়ের মুখোমুখি হবে পাকিস্তান। পরিসংখ্যানের দিক থেকে পাকিস্তানের ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন দলের উপরে আধিপত্য থাকলেও বিশ্বকাপে যে কোন মুহূর্তে যে কোন ফলাফল ঘটতে পারে। তাই ইফতিখার সতর্ক আছেন এবং জয়ের পথে ফিরে যাওয়ার লক্ষ্য রাখছেন।
“জিম্বাবোয়ে একটি আন্তর্জাতিক দল এবং অন্য দলের মতো তাদের বিরুদ্ধেও আমাদের শক্তিশালী হয়ে খেলতে হবে। ভালো খেলে আত্মবিশ্বাস বজায় রাখা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা পারফর্ম করার জন্য ক্ষুধার্ত,” ডান-হাতি ব্যাটার বলেছেন।