ডাচ বোলারদের দক্ষতা এবং ও’ডাউডের ধৈর্যশীল ইনিংসের সামনে আত্মসমর্পণ জিম্বাবোয়ের

জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস দুই দলই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে

Netherlands
Netherlands. (Photo by Sarah Reed/Getty Images)

অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ৩৪তম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামা নেদারল্যান্ডস ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও পুরো ম্যাচ জুড়ে দাপট দেখাল। এখনও পর্যন্ত সুপার ১২ পর্বে একটিও ম্যাচ না জেতা নেদারল্যান্ডস জিম্বাবোয়েকে পাঁচ উইকেটে হারিয়ে দুই পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। তবে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানান তিনি প্রথমে বোলিং করতে চেয়েছিলেন, তাই টসের ফলাফল নিয়ে কোন দলই অসন্তুষ্ট ছিল না। দুর্ভাগ্যবশত পুরো টপ অর্ডার পাওয়ারপ্লেতেই ভেঙে পড়ায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটি ফলপ্রসূ হয় না। পল ফান মিকেরেন ও ব্র্যান্ডন গ্লোভারের বিধ্বংসী ওপেনিং স্পেলের সৌজন্যে জিম্বাবোয়ে প্রথম ছয় ওভারের পরে ২০/৩ হয়ে গিয়েছিল।

এরপর দুই অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস ও সিকান্দার রাজার উপর দায়িত্ব এসে পড়ে জিম্বাবোয়েকে উদ্ধার করার। দুজনের মধ্যে পরবর্তী ৫.৫ ওভারে ৪৮ রানের পার্টনারশিপ হলেও উইলিয়ামস দ্বাদশ ওভারে আউট হতেই  আবার ব্যাটিং বিপর্যয় দেখা যায়। ১৫তম ওভারে সিকান্দার ২৪ বলে ৪০ রানে আউট হতেই জিম্বাবোয়ের বড় স্কোর খাড়া করার আশা নষ্ট হয়ে যায়। শেষ অবধি জিম্বাবোয়ে ১১৭ রানে অল আউট হয়ে যায়।

ম্যাক্স ও’ডাউড নেদারল্যান্ডসের ব্যাটিংকে শক্তিশালী করে

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস খুব দ্রুত রান করার চেষ্টা করেনি। ওপেনার স্টেফান মাইবার্গ এবং ম্যাক্স ও’ডাউড নেদারল্যান্ডসের হয়ে ইনিংস শুরু করেছিলেন এবং একটি পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। তবে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি তাঁর প্রথম ওভারেই মাইবার্গকে আউট করে জিম্বাবোয়েকে ক্ষীন আশার আলো দেখান।

ও’ডাউড এবং টম কুপার দ্বিতীয় উইকেটের জন্য একটি দুর্দান্ত ৭৩ রানের জুটি গড়ে তোলেন যা নেদারল্যান্ডসকে দ্বিতীয় ইনিংসেও আধিপত্য বজায় রাখতে সাহায্য করেছিল। ১৩তম ওভারে কুপার ৩২ (২৯) তাঁর সুসংগঠিত ইনিংস খেলে আউট হয়ে গেলেও, ম্যাক্স ও’ডাউড ব্যাটিং চালিয়ে যান এবং হাফ সেঞ্চুরি করেন। ও’ডাউড ডাগ আউটে ফেরার পরে মিডল অর্ডার ব্যাটারদের জন্য বেশী কিছু বাকী ছিল না। ২ ওভার বাকী থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস ৫ উইকেট হাতে রেখে।

জিম্বাবোয়ে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে টুইটারের প্রতিক্রিয়া

close whatsapp