মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার প্রচেষ্টাকে ব্যর্থ করে জয় পেল রাজস্থান রয়্যালস

Rajasthan Royals
Rajasthan Royals. (Photo Source: BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৬ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) ৩ রানে পরাজিত করল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালস (আরআর)। এই ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানে উঠে এল আরআর।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট হারায় রাজস্থান রয়্যালস। তিনি ৮ বলে ১০ রান করে আউট হন। এরপর জস বাটলার এবং দেবদত্ত পাড়িক্কল মিলে ৬৮ রানের পার্টনারশিপ করেন। দেবদত্ত পাড়িক্কল ২৬ বলে ৩৮ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন। অধিনায়ক সঞ্জু স্যামসন আগের ম্যাচের মতো এই ম্যাচেও শূন্য রানে আউট হন। রবিচন্দ্রন অশ্বিনের সাথে মিলে আরেকটি ভালো পার্টনারশিপ করেন জস বাটলার। তাদের মধ্যে ৪৭ রানের পার্টনারশিপ হয়। অশ্বিন ২২ বলে ৩০ রান করেন। জস বাটলার ৩৬ বলে ৫২ রান করে মঈন আলির বলে বোল্ড হন। শেষে শিমরন হেটমায়ার ১৮ বলে অপরাজিত ৩০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করে রাজস্থান রয়্যালস।

রবীন্দ্র জাদেজা ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২টি উইকেট নেন। আকাশ সিং এবং তুষার দেশপান্ডে যথাক্রমে ৪ ওভারে ৪০ রান এবং ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন। মঈন আলি ১টি উইকেট শিকার করেন।

শেষ বলে গিয়ে জয় পেল রাজস্থান রয়্যালস

রান তাড়া করতে নেমে শুরুতেই ফর্মে থাকা ব্যাটসম্যান রুতুরাজ গায়কওয়াড়ের উইকেট হারায় সিএসকে। তবে আরেক ওপেনার ডেভন কনওয়ে ৩৮ বলে ৫০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। অজিঙ্কা রাহানেও ১৯ বলে ৩১ রানের একটি ভালো ইনিংস খেলেন। শিবম দুবে, মঈন আলি এবং ইমপ্যাক্ট প্লেয়ার আম্বাতি রায়ডু ব্যাট হাতে বেশি রান বানাতে ব্যর্থ হয়েছেন। শেষে অধিনায়ক এমএস ধোনি এবং রবীন্দ্র জাদেজা মিলে অনেক চেষ্টা করলেও শেষমেশ ৩ রানে ম্যাচ হেরে যায় চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ১৭ বলে অপরাজিত ৩২ এবং ১৫ বলে অপরাজিত ২৫ রান করেন। ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রান করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল।

রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল যথাক্রমে ৪ ওভারে ২৫ রান এবং ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। সন্দীপ শর্মা এবং অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট শিকার করেন।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp