টি-২০ বিশ্বকাপ ২০২২: কার হাতে কোন পুরস্কার

১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন স্যাম কারান

Sam Curran
Sam Curran. (Image Source: Twitter)

রবিবার (১৩ই নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের মাধ্যমে ইংল্যান্ড দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। জস বাটলার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে ইংলিশ বোলাররা আগাগোড়া পিচকে কাজে লাগিয়ে পাকিস্তানকে ১৩৭/৮ রানে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছিল। তারপর তারকা অলরাউন্ডার বেন স্টোকস ৪৯ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে ছয় বল বাকি থাকতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে জয়ের পথ দেখান।

ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত ২০১০ সংস্করণের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কুড়ি ওভারের ফর্ম্যাটে প্রথমবারের জন্য ট্রফি তুলে নেওয়ার পর এই নিয়ে ইংল্যান্ড দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতল। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া অন্য কোন একাধিকবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি। ইংল্যান্ড এখন টি-২০ এবং ওডিআই – উভয় বিশ্বকাপেরই বর্তমান চ্যাম্পিয়ন।

প্রথম দুটি সুপার ১২ গ্রুপ পর্বের ম্যাচে হারার পর থেকে বাকী টুর্নামেন্টে পাকিস্তান চিত্তাকর্ষক পারফর্ম্যান্স করেছে। কম রানের টার্গেট রক্ষা করার সময় বোলাররা তাদের সেরাটা দিয়েছিল কিন্তু ইংল্যান্ডের ব্যাটাররা ম্যাচ হাত থেকে বের হতে দেননি।

ভারতের বিরাট কোহলি চারটি হাফ সেঞ্চুরিসহ টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করেন এবং সর্বোচ্চ ২৯৬ রান করেন। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র আট ইনিংসে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হন। বাংলাদেশের বিপক্ষে ১০৯ রান করে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রসৌ।

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর পুরস্কার বিজয়ীদের তালিকা 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় – স্যাম কারান

ফাইনালে আরও তিনটি উইকেট নিয়ে টুর্নামেন্টে তাঁর অনবদ্য ফর্ম অব্যাহত রাখেন ইংলিশ পেসার। কারান তাঁর চার ওভারের স্পেলে মাত্র ১২ রান দিয়ে মহম্মদ রিজওয়ান, শান মাসুদ ও মহম্মদ নাওয়াজের উইকেট নিয়েছিলেন এবং ম্যাচ সেরার পুরস্কারও জেতেন। এ ছাড়াও তিনি ইংল্যান্ডের শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসেবে মাত্র ছয় ইনিংসে ৬.৫২ ইকোনমি রেটে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন।

টুর্নামেন্টে সবচেয়ে বেশী রান – বিরাট কোহলি

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুপার ১২ পর্বে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮২* ইনিংস খেলে একটি স্মরণীয় ম্যাচ জিতিয়েছিলেন। বিরাট কোহলি সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও হাফ সেঞ্চুরি করেছিলেন, তবে ৫০ রানের সেই ইনিংস এসেছিল হারা ম্যাচে। এ ছাড়া আরও দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করা কোহলি ছয় ইনিংসে ৯৮.৬৭ গড় এবং ১৩৬.৪০ স্ট্রাইক রেটে মোট ২৯৬ রান করেছেন।

টুর্নামেন্টে সবচেয়ে বেশী উইকেট – ওয়ানিন্দু হাসারাঙ্গা

পুরো টুর্নামেন্ট জুড়ে শ্রীলঙ্কা বিশেষ ধারাবাহিকতা দেখাতে না পারলেও বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার ৬.৪১ ইকোনমি রেটে আট ইনিংসে মোট ১৫ উইকেট নিয়েছিলেন। উল্লেখ্য, ২০২১ সালে, টুর্নামেন্টের বিগত সংস্করণেও হাসারাঙ্গা ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন।

close whatsapp