“পিসিবির চেয়ারম্যান নিজেকে ঈশ্বর ভেবে বসে আছে” – পাকিস্তানের হারের পর আমিরের আঙুল রামিজ রাজার দিকে

রামিজকে পদ থেকে সরানোর দাবী করেছেন আমির

Mohammed Amir
Mohammed Amir. (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ জিম্বাবোয়ের কাছে তাদের এক রানে হারের পর পাকিস্তান টি-২০ দল চারদিক থেকে আক্রমণের মুখে পড়ছে। ওয়াসিম আক্রাম, শোয়েব আখতারের মতো প্রাক্তন কিংবদন্তিরা বাবর আজমের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে তোপ দাগলেও, পেসার মহম্মদ আমিরের সমালোচনার শিকার হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আমির পরাজয়ের জন্য পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে দায়ী করেছেন। দুই ম্যাচ খেলার পরেও টুর্নামেন্টে এখনও একটি ম্যাচ না জেতা পাকিস্তানের পক্ষে সেমি-ফাইনালে জায়গা পাওয়া কঠিন হতে চলেছে। বৃহস্পতিবার, ২৭শে অক্টোবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে জিম্বাবোয়ে মাত্র ১৩০ রান করেও ১ রানে জিততে সক্ষম হয়েছে। নিয়মিত ব্যবধানে উইকেট তুলে এবং অসাধারণ ফিল্ডিংয়ের নমুনা দেখিয়ে জিম্বাবোয়ে ১২৯/৮ রানে পাকিস্তানকে সীমাবদ্ধ রাখে।

স্পট ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত হওয়া আমির বলেছেন রামিজ রাজাকে অবশ্যই সরাতে হবে কারণ তিনি নিজেকে ঈশ্বর ভেবে বসে আছেন। টুইটারে আমির লিখেছেন, “প্রথম দিন থেকেই জঘন্য নির্বাচন নিয়ে বলে আসছি আমি। এখন এটার দায় কে নেবে? আমার মনে হয় এখন সময় এসেছে পিসিবির চেয়ারম্যানকে সরানোর যে নিজেকে ঈশ্বর ভেবে বসে আছে এবং প্রধান নির্বাচককেও সরাতে হবে।”

আমরা আমাদের ভুল নিয়ে আলোচনা করব: বাবর আজম

পাকিস্তান ম্যাচ হেরে যাওয়ায় দৃশ্যতই হতাশ বাবর আজম। শেষ বলে পাকিস্তানের জয়ের জন্য তিন রানের প্রয়োজন ছিল। স্ট্রাইকে থাকা শাহীন শাহ আফ্রিদি বল লং অনের দিকে পাঠালে সিকান্দার রাজা দ্রুত থ্রো করেন উইকেটকিপারের প্রান্তে এবং দ্বিতীয় রানের জন্য সেই প্রান্তে ছুটে আসা শাহীন রান আউট হন। 

জিম্বাবোয়ের কাছে হারের পর স্বাভাবিকভাবেই বিমর্ষ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পয়েন্ট নথিভুক্ত না করা পাকিস্তান তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর ও তাঁর ওপেনিং সঙ্গী মহম্মদ রিজওয়ান দুর্দান্ত ফর্মে ছিলেন তবে চলমান টুর্নামেন্টে তাঁরা পারফর্ম কর‍তে পারছেন না। 

“আমরা ম্যাচের মাঝামাঝি সময়ে ১৩০ গ্রহণ করে নিতাম। খুবই হতাশাজনক পারফর্ম্যান্স, ব্যাটিংয়ে আমরা ভালো করিনি। আমাদের ভালো ব্যাটার আছে কিন্তু দুই ওপেনারই পাওয়ারপ্লেতে আউট হয়েছে। শাদাব এবং শান জুটি গড়ে তুলছিল, দুর্ভাগ্যবশত শাদাব আউট হয়ে গেল এবং তারপরে পরপরে উইকেট আমাদের চাপের পরিস্থিতিতে ঠেলে দেয়। আমরা আমাদের ভুল নিয়ে আলোচনা করব এবং আমরা কঠোর অনুশীলন করব। আমাদের পরের ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসব,” ম্যাচ পরবর্তী উপস্থাপনায় পাকিস্তানের অধিনায়ক বলেছেন।

close whatsapp