সেমি-ফাইনাল থেকে বিদায়ের পরে সূর্যকুমারের হৃদয়বিদারক পোস্ট

সেমি-ফাইনালে ১০ বলে ১৪ রান করেছিলেন সূর্যকুমার

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo by Daniel Pockett-ICC/ICC via Getty Images)

সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের ব্যবধানে বিব্রতকর পরাজয়ের পরে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ টিম ইন্ডিয়ার অভিযান হতাশাজনকভাবে শেষ হয়েছে। ইংলিশ অধিনায়ক জস বাটলার প্রথমে ব্যাট করার জন্য ভারতীয় দলকে পাঠালে প্রথম দশ ওভারে ভারতের ব্যাটাররা বিশেষ ঝুঁকি না নেওয়ায় মিডল অর্ডার চাপে পড়ে যায়।

বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার হাফ সেঞ্চুরির সৌজন্যে মেন ইন ব্লু তাদের ২০ ওভারে ১৬৮ অবধি তুলতে পারলেও ইংল্যান্ডের মতো বিধ্বংসী দলের সামনে তা খুব বিপজ্জনক স্কোর ছিল না। বল হাতে ভারতের বোলাররা ছন্দে ছিলেন না এবং ইংলিশ ওপেনাররা শুরু থেকেই আগ্রাসী মেজাজ দেখিয়ে ভারতের খাড়া করে লক্ষ্যকে অনায়াসে তাড়া করতে সক্ষম হয়। দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস মাত্র ১৬ ওভারে ১৭০ রানের পার্টনারশিপ গড়ে দলকে ম্যাচ জেতান।

বিস্ফোরক ডান-হাতি ব্যাটার সূর্যকুমার যাদব পুরো ২০২২ জুড়েই চাঞ্চল্যকর ফর্মে ছিলেন। তবে সেমি-ফাইনালে বড় স্কোর করতে ব্যর্থ হন। এই হারের পরে বাকি ভারতীয় সমর্থকদের মতো ভারতীয় ব্যাটারও হতাশ হয়েছেন এবং দলকে নিরন্তর সমর্থনের জন্য ভক্তদের ‘ধন্যবাদ’ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

“দুঃখজনক হার। এত কাছে এসেও অনেকটা দূরে। আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন সেখানেই, যে ভক্তরা বৈদ্যুতিক পরিবেশ তৈরী করেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ। একে অপরের জন্য অবিরাম সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং এই দল ও সাপোর্ট স্টাফের কঠোর পরিশ্রমের জন্য গর্বিত। দেশের হয়ে খেলতে পেরে গর্বিত। আমরা চিন্তা করব এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসব,” পোস্টের ক্যাপশনে সূর্যকুমার লিখেছেন।

টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড

থ্রি লায়নস ও মেন ইন গ্রিন রবিবার, ১৩ই নভেম্বর, ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শিরোপা জয়ের লড়াইয়ে নামতে প্রস্তুত। উভয় দলই এর আগে একবার শিরোপা জিতেছে। যে দলের হাতেই রবিবার সন্ধ্যায় ট্রফি উঠবে, ওয়েস্ট ইন্ডিজের পরে তারাই হবে দ্বিতীয় দল যারা একাধিকবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃত হবে। একটি আকর্ষণীয় প্রতিযোগিতা অপেক্ষা করছে। উভয় দলই ধারে-ভারে একে অপরের চেয়ে পিছিয়ে নেই এবং শিরোপা দখলের ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করবে।

close whatsapp