ভারতের প্রধান ত্রাস হবেন প্যাট কামিন্স, সাবধানবাণী গাভাস্কারের
অস্ট্রেলিয়ার সাফল্যর চাবিকাঠি পেসারদের হাতে, মত গাভাস্কারের
আপডেট করা - Feb 8, 2023 12:12 pm

ভারতীয় ব্যাটিং কিংবদন্তী সুনীল গাভাস্কার বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য বিপদের প্রধান কারণ হবেন। বিশ্বের শীর্ষস্থানীয় টেস্ট বোলার কামিন্স ভারতের বিরুদ্ধে ২০২০-২১ টেস্ট সিরিজ সর্বাধিক উইকেট নিয়ে শেষ করেছিলেন এবং সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।
এই সফরে অস্ট্রেলিয়ান দলের নেতৃত্ব দেওয়ার অতিরিক্ত দায়িত্ব তাঁর কাঁধে। গত বর্ডার-গাভাস্কার ট্রফির পারফর্ম্যান্স পুনরাবৃত্ত করার চেষ্টা করবেন তিনি। ১৯ বছর আগে ভারতে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল কোনো অস্ট্রেলিয়া দল। সেই খরার অবসান ঘটানোর দিকেও নজর থাকবে কামিন্সের।
“স্মৃতি ঠিক থাকলে, প্রথমবার যখন সে পাঁচ উইকেট নিয়েছিল সেটি ছিল উপমহাদেশে (গলে, ২০১১-এ অগাস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেকে ৫/৩৪)। লায়ন শীর্ষ বোলার, সে সবসময় আক্রমণাত্মক থাকবে, তবে আসল বিপদ হতে পারে পেসাররা। কামিন্স একজন দুর্দান্ত বোলার, এবং আমরা অতীতে দেখেছি যখন অস্ট্রেলিয়ানরা সফল হয়েছে, সেটা হয়েছে তাদের পেস আক্রমণ ক্ষতি করেছে বলেই,” একটি সাক্ষাৎকারে গাভাস্কার দ্য টেলিগ্রাফকে বলেছেন।
জশ হ্যাজেলউডের অনুপস্থিতি ভারতের জন্য সুবিধাজনক: সুনীল গাভাস্কার
গোড়ালির চোটের কারণে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ১০ নম্বর বোলার জশ হ্যাজলউড নাগপুর টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর অনুপস্থিতি ভারতকে উপকৃত করবে বলে মনে করেন গাভাস্কার। অস্ট্রেলিয়ার চোট-জনিত সমস্যা আরও বেড়েছে কারণ পেস-বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও প্রথম টেস্টে খেলতে পারবেন না আঙুলের চোটের কারণে। মিচেল স্টার্কের প্রথম টেস্ট না খেলা অনেক আগে থেকেই নিশ্চিত।
এই বিষয়ে গাভাস্কার বলেছেন, “জশ হ্যাজলউডের চোটের কারণে প্রথম টেস্ট না খেলার সম্ভাবনা থাকায়, ভারতের পক্ষে সুবিধা থাকবে। দুটি দলই দুর্দান্ত এবং ক্রিকেটে আপনি কিছুই ভবিষ্যদ্বাণী করতে পারবেন না। কিন্তু বরাবরের মতো দর্শকদের সমর্থন, মাঠ, আবহাওয়া এবং পিচের অবস্থা সম্পর্কে সচেতনতা থাকা স্বাগতিক দল অতিরিক্ত সুবিধা নিয়ে শুরু করবে।”