কেএল রাহুলকে নেতা হিসেবে তৈরী করা হচ্ছে, জানালেন নির্বাচক প্রধান

দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজে রাহুলকে অধিনায়ক হিসেবে বাছা হয়েছে

KL Rahul
KL Rahul. (Photo by Pankaj Nangia/Getty Images)

ভারতের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা বলেছেন নির্বাচকরা ভবিষ্যতের দিকেই নজর রেখে কেএল রাহুলকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন। আহত রোহিত শর্মার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচের সিরিজের জন্য রাহুলকে ভারতীয় ওডিআই দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত করার পরে প্রাক্তন ক্রিকেটার এই মন্তব্য করেছেন। নেতা হিসেবে তৈরী করে রাখার উদ্দেশ্যেই সহ-অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহর নির্বাচন হয়েছে, স্পষ্ট জানালেন তিনি।

গত মাসে ভারতের পূর্ণ-সময়ের ওডিআই অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন রোহিত শর্মা। তবে দক্ষিণ আফ্রিকায় ১৯শে জানুয়ারি থেকে শুরু হওয়া ৩ ম্যাচের সিরিজে দলকে এখনই নেতৃত্ব দিতে পারছেন না তিনি। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সময়মতো সেরে উঠতে পারেননি এখনও। ১৮ সদস্যের স্কোয়াডের অধিনায়ক হিসেবে রাহুলকে মনোনীত করা হয়েছে এবং ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ হবেন তাঁর সহকারী।

চেতন শর্মা জানিয়েছেন রাহুলের পাশাপাশি জসপ্রীত বুমরাহকেও নেতা হিসেবে তৈরী করে রাখা হচ্ছে

শুক্রবার স্কোয়াড ঘোষণা করার পর প্রেসের সাথে কথা বলার সময়, চেতন শর্মা বলেছিলেন যে কেএল রাহুল তাঁর নেতৃত্বের গুণমান প্রমাণ করেছেন এবং নির্বাচক কমিটির সকল সদস্য তাঁকে দক্ষিণ আফ্রিকায় সিরিজের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করতে রাজি হয়েছেন। 

“হ্যাঁ, অবশ্যই (কেএল রাহুলকে নেতা হিসেবে তৈরী করার বিষয়ে)। আমরা এই মুহুর্তে কেএল রাহুলকে দেখছি। সে একজন সর্ব-ফরম্যাটের খেলোয়াড় এবং তার অধিনায়কত্বের ভালো অভিজ্ঞতা আছে। সব নির্বাচকরা মনে করেন যে সে তার নেতৃত্বের গুণমান প্রমাণ করেছে। এবং রোহিত যেহেতু ফিট নন, আমরা ভেবেছিলাম কেএলই দলকে সামলানোর জন্য সেরা হবে। সে কারণেই আমরা তার প্রতি আস্থা দেখিয়েছি। আমরা দলকে তৈরী করে রাখছি,” শর্মা বলেছেন। 

বুমরাহকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোকপাত করে, তিনি যোগ করেছেন, “আমরা অবশ্যই ২০২৩ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি তবে আমরা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে মনোনিবেশ করছি। আমরা চোটের পূর্বাভাস দিতে পারি না। রোহিত একজন দুর্দান্ত খেলোয়াড়। খুব বেশি সামনের কথা ভাবতে হবে না। কেএল রাহুলকে আমরা তৈরী করছি। আমরা জসপ্রীত বুমরাহকে নেতৃত্বে ঢুকিয়েছি, সে অভিজ্ঞ, আমরা চাই সে এই সিরিজে শিখুক।” 

আমরা রোহিতকে ১০০ শতাংশ ফিট পেতে চাই: শর্মা

এদিকে, চেতন শর্মা বলেছেন যে নির্বাচকরা দক্ষিণ আফ্রিকায় রোহিত শর্মাকে খেলানোর ঝুঁকি নিতে চাননি এবং তাঁরা মনে করেন যে হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাঁর সময় প্রয়োজন। 

সেই প্রসঙ্গে নির্বাচক প্রধান বলেছেন, “রোহিত শর্মা ফিট নয়। সে পুনর্বাসনে রয়েছে। সে তার ফিটনেস নিয়ে কাজ করছে। আমরা রোহিত শর্মাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। সে যদি ১০০ শতাংশ ফিট থাকে, তাহলে সামনে গুরুত্বপূর্ণ সিরিজে তাকে খেলানো যাবে। পাঁচজন নির্বাচকই তাঁকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।”

close whatsapp