“২৮ বছর বয়সে নির্বাচন করার কোন মানে নেই”, রুতুরাজকে যতো তাড়াতাড়ি সম্ভব সুযোগ দেওয়ার পক্ষে দিলীপ ভেঙ্গসরকার
ভেঙ্গসরকারের মতে, গায়কোয়াড় নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট রান করেছেন
আপডেট করা - Dec 13, 2021 12:42 pm

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ ভেঙ্গসরকার মনে করেন দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নির্বাচকদের অবশ্যই ফর্মে থাকা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়কে বেছে নেওয়া উচিত। ভেঙ্গসরকারের মতে, গায়কোয়াড় নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট রান করেছেন।
২৪ বছর বয়সী গায়কোয়াড় সম্প্রতি ব্যাট হাতে ব্যতিক্রমী ভালো ফর্মে রয়েছেন, বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে টানা তিনটি শতরান করেছিলেন। চতুর্থ ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২১ রানে আউট হওয়ার আগে, গায়কোয়াড়ের স্কোরগুলি এমন – ১৩৬ (বনাম মধ্যপ্রদেশ), ১৫৪* (বনাম ছত্তিশগড়) এবং ১২৪ (বনাম কেরালার)।
টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলার সময়, ভেঙ্গসরকার গায়কোয়াড় সম্পর্কে বলেছেন, “ফর্মে থাকা একজন ক্রিকেটারকে বেছে নিতে হবে। নিজেকে প্রমাণ করার জন্য তাকে আর কত রান করতে হবে? এখনই সময় নির্বাচকরা তাকে সরাসরি বাছাই করে সঠিক সুযোগ দিক।”
সুযোগ দিলে ২৪-এ দেওয়া হোক, ২৮ বছর বয়সে দিয়ে কোন লাভ নেই, মনে করেন দিলীপ ভেঙ্গসরকার
বিজয় হাজারে ট্রফিতে তাঁর এই পারফর্ম্যান্সের আগে, আইপিএল ২০২১-এ চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর প্রতিনিধিত্ব করার সময় গায়কোয়াড় অনবদ্য ফর্মে ছিলেন। বিগত আইপিএলে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন৷ তিনি ১৬ ম্যাচে ৪৫.৩৫ গড়ে ৬৩৫ রান সংগ্রহ করেছিলেন। সিএসকের চতুর্থ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন৷
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে রোহিত শর্মা এবং কেএল রাহুল ইনিংস শুরু করবেন বলে মনে হচ্ছে। তার পাশাপাশি গায়কোয়াড়, শিখর ধাওয়ান এবং ঈশান কিষাণ ব্যাক-আপ ওপেনার হিসাবে থাকবেন বলেই মনে হচ্ছে। ভেঙ্গসরকার পরামর্শ দিয়েছেন, “তিনি (গায়কোয়াড়) ৩ নম্বরেও ব্যাট করতে পারেন। তাকে অবশ্যই দলে জায়গা দিতে হবে। এটি ১৮ বা ১৯ বছরের রুতুরাজ নয়। তার বয়স এখন ২৪। যখন ২৮ বছর হবে তখন তাকে নির্বাচন করার কোন মানে নেই।”
গায়কোয়াড় এ পর্যন্ত ২১টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলে চারটি শতরান সহ ১৩৪৯ রান করেছেন। ৬৩টি লিস্ট এ গেমে, ৫২.৮১-এর অনবদ্য গড়ে ৩১১৬ রান করেছেন।
এই বছরের শুরুর দিকে দলের শ্রীলঙ্কা সফরের সময় ভারত একটি অনভিজ্ঞ দল নিয়ে খেলতে যায় এবং গায়কোয়াড় তখনই ভারতীয় জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গাযাকোয়াড়ের অভিষেক হয়েছিল। সেই ম্যাচে তিনি ১৮ বলে ২১ রান করেন। পরের টি-টোয়েন্টিতে তিনি ১০ বলে ১৪ রান করে আউট হয়েছিলেন।