দেশের জার্সিতে টি টোয়েন্টিতে সেঞ্চুরী করার লক্ষ্যে সঞ্জু স্যামসন
আপডেট করা - Jun 29, 2022 5:59 pm

আইপিএলে সাফল্য পেলেও, ভারতীয় দলের জার্সিতে এতদিন সাফল্য অধরাই ছিল সঞ্জু স্যামসনের। এই প্রথমবার দেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে অর্ধশতরান পেয়েছেন এই তরুণ তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ বলে ৭৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি। একটা ধাপ এগিয়েছেন সঞ্জু স্যামসন। দেশের হয়ে তাঁর পরবর্তী লক্ষ্যটা এথন থেকেই স্থির করে ফেলেছেন তিনি। দেশের জার্সিতে টি টোয়েন্টিতে এবার সেঞ্চুরী চান তরুণ তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। সেই চেষ্টাই এখন থেকে শুরু তাঁর।
আইপিএলে এবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন সঞ্জু স্যামসন। তাঁর নেতৃত্বেই ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল রাজস্থান রয়্যালস। শুরুর দিকে বেশকিছু ম্যাচে বড় রান পেলেও, পরের দিকে অবশ্য তেমন রান ছিল না সঞ্জুর ব্যাটে। কিন্তু প্রতি ম্যাচেই তাঁর ক্যামিও পারফরন্যান্স রাজস্থান রয়্যালসকে যথেষ্ট সাহায্য করেছিল। তাঁর খেলার প্রশংসাও শোনা গিয়েছিল সকলের মুখে। কিন্তু আইপিএলের পরই ঘরের মাঠে হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর সুযোগ হয়নি।
সঞ্জু স্যামসনের সুযোগ না হওয়া নিয়েও হয়েছিল বিস্তর সমালোচনা। যদিও আয়ারল্যান্ড সফরেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু প্রথম ম্যাচে দলের প্রথম একাদশে জায়গা হয়নি এই তরুণ তারকা ক্রিকেটারের। কিন্তু রুতুরাজ গায়কোয়াড়ের চোট তাঁকে ফের ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিয়েছিল। এই সুযোগ আর হাতছাড়া করেননি তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ বলে ৭৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন । তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে।
দেশের জার্সিতে প্রথমবার অর্ধশতরান পেয়েছেন সঞ্জু স্যামসন
এবার সঞ্জু স্যামসনের লক্ষ্য হল সেঞ্চুরী করা। ম্যাচ শেষে সঞ্জু জানিয়েছেন, “দীপক হুডার সেঞ্চুরী পাওয়াতে আমি অত্যন্ত আপ্লুত। একদিন আমিও টি টোয়েন্টিতে সেঞ্চুরী করার ব্যপারে আশাবাদী। তবে এদিন যে ইনিংস খেলেছি তা নিয়েও যথেষ্ট খুশি আমি”।
রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় এদিন ঈশান কিষাণের সঙ্গে সঞ্জু স্যামসনকেই ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঈশান অবশ্য এদিন তিন রানেই সাজঘরে ফিরেছিল। কিন্তু ক্রিজে স্বমহিমায় ছিলেন সঞ্জু স্যামসন। দীপক হুডার সঙ্গে রেকর্ড রানের পার্টনারশিপও গড়েন তিনি। কিন্তু সেঞ্চুরীর আশা পূর্ণ হয়নি। দীপক হুডা আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরী পেলেও, সঞ্জু স্যামসনকে ৭৭ রানেই থেমে যেতে হয়েছিল।
প্রথম অর্ধশতরান পাওয়ার ইচ্ছাপূরণ হয়েছে তাঁর। এবার সঞ্জু স্যামসনের লক্ষ্য ভারতীয় দলের জার্সিতে প্রথম সেঞ্চুরী পাওয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত প্রায় ১০টি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন। সেখানেই সঞ্জু স্যামসনের স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই এখন দেখার।