“আমি দেখি যুবি ঘুরে দাঁড়িয়েছে”, ২০০৭ টি-২০ বিশ্বকাপের নাটকীয় শেষ ওভারের স্মৃতি রোমন্থন রোহিত শর্মার
সেই ম্যাচের অভিজ্ঞতা পরাবাস্তব মনে হয় তাঁর
আপডেট করা - Oct 23, 2021 2:48 pm

২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপের নাটকীয় শেষ ওভারের ঘটনাবলীর বিবরণ দিলেন রোহিত শর্মা। সেই সময় তিনি ভারতের প্রথম একাদশের অংশ হিসেবে মাঠেই উপস্থিত ছিলেন। সতীর্থদের মধ্যে তখন কতটা চাপ ছিল, সেই চাপকে অতিক্রম করে কীভাবে তাঁরা শেষ অবধি জয় ছিনিয়ে এনেছিলেন সেসবের বিস্তারিত বর্ণনা রোহিতের মুখে।
শ্রীসন্থের কাছে যখন মিসবা উল হকের ক্যাচটি যায় তখন ক্যাচটি শ্রীসন্থ হয়তো ফেলে দিতে পারেন এই ভেবে যুবরাজ চোখ ঘুরিয়ে নিয়েছিলেন, সেই স্মৃতিও ভাগ করে নিয়েছেন রোহিত। চার বলে তখন পাকিস্তানের আর ছয় রান দরকার ছিল যখন মিসবাহ-উল-হক যোগিন্দর শর্মার বোলিংয়ে শর্ট ফাইন লেগের উপর দিয়ে বল স্কুপ করার চেষ্টা করেছিলেন। শর্ট ফাইন লেগে দাঁড়ানো শ্রীসন্থ যদিও যুবরাজের আশঙ্কাকে সত্যি হতে না দিয়ে সফলভাবেই ক্যাচটি সম্পূর্ণ করেন।
যুবরাজ ভেবেছিল শ্রীসন্থ নির্ঘাত ক্যাচটা ফেলে দেবে
পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েবসাইটে রোহিত শর্মা ঘটনাগুলি বর্ণনা করেছেন। তিনি তখন কভারে ফিল্ডিং করছিলেন এবং মিসবা যখন ক্যাচটি তোলেন তখন পয়েন্টে দাঁড়ানো যুবরাজ সিংকে দেখেন সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিতে।
স্মৃতি রোমন্থন করে রোহিত শর্মা বলেন, “আমি ওই বলে কভারে দাঁড়িয়ে ছিলাম। যুবি পয়েন্টে ছিল। যে মুহূর্তে মিসবাহ সেই শটটি খেলেন, আমি দেখি যুবি ঘুরে দাঁড়িয়েছে। সে দেখছিল না কারণ যুবরাজ ভেবেছিল শ্রীসন্থ নির্ঘাত ক্যাচটা ফেলে দেবে।”
ভারতীয় সহ-অধিনায়ক মনে করেন যে শ্রীসন্থ তাঁর সারা জীবনে হয়তো এতোটা চাপ অনুভব করেননি যতোটা ক্যাচ নেওয়ার মুহূর্তে অনুভব করেছিলেন।
“আমি প্রার্থনা করছিলাম যে ক্যাচটা যেন ধরে ফেলে। ওকে বেশি দৌড়তে হয়নি। যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে শুধু দুই, তিন কদম পিছিয়ে গিয়ে ক্যাচটা নিয়েছিল। এটা ওর নেওয়া জীবনের সবচেয়ে চাপের ক্যাচ ছিল।”
রোহিত শর্মা ২০০৭-এ ভারতের টি-২০ বিশ্বকাপ জয়কে পরাবাস্তব বলে অভিহিত করেছেন। ভারতীয় এবং পাকিস্তানি ভক্তদের উপস্থিতিতে ওয়ান্ডারার্সের ভরা স্টেডিয়ামে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটি রোহিতের মধ্যে খুব উত্তেজক এক অনুভূতির সঞ্চার করেছিল, যা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাকে বিশেষ করে তুলেছিল।
“স্টেডিয়ামে কেবল ভারত এবং পাকিস্তানের সমর্থকদের দেখতে পাওয়া যাচ্ছিল। আমার মনে হয় ভারতের সমর্থকই বেশি ছিল। এখন এটি পরাবাস্তব বলে মনে হয়। আমরা সেদিন যা করেছি তা অবিশ্বাস্য।”