সাংবাদিকের ক্রিকেটবহির্ভূত রাজনৈতিক প্রশ্ন শোভনীয় ভঙ্গিতে সামলালেন আফগান অধিনায়ক মহম্মদ নবি

একই প্রশ্ন বারংবার করা হচ্ছিল তাঁকে

Mohammad Nabi
Mohammad Nabi. (Photo Source: Twitter)

আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিকের বিতর্কিত ও অপ্রাসঙ্গিক প্রশ্নকে মার্জিতভাবে সামলালেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। ওই প্রশ্ন এবং নবির উত্তর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ক্রীড়া ইভেন্টে রাজনৈতিক প্রশ্ন করে ওই সাংবাদিক এখন বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছেন।

ওই সাংবাদিক নবিকে পাকিস্তানের সাথে তাঁর দেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন। সম্প্রতি কট্টরপন্থী মৌলবাদী সংগঠন তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। সাংবাদিকটি জানতে চান তালবানের দিক থেকে তাদের দলের উপর চাপ আছে কি না এবং পাকিস্তান ও আফগানিস্তান সরকারের পারস্পরিক সম্পর্ক বিষয়ে। নবিকে বারবার উত্তর দেওয়ার জন্য তিনি চাপ দেওয়া সত্ত্বেও নবি শেষ অবধি নিজেকে নিয়ন্ত্রণ করেন।

পাকিস্তানের সঙ্গে দৃঢ় সম্পর্ক ভবিষ্যতে আফগানিস্তান ক্রিকেটকে আরও সাহায্য করবে কিনা তাও তিনি জিজ্ঞেস করেছিলেন। যদিও নবি ঠাণ্ডা মাথার পরিচয় দেখিয়ে সাংবাদিককে বলেন ক্রিকেট ভিত্তিক প্রশ্নের বাইরে যেন তিনি অন্য প্রশ্ন না করেন এবং আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির দিকে এই প্রশ্নোত্তর পর্ব না যাওয়ায় সমীচীন।

শুক্রবার, ২৯ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় নবি হয়তো ভাবতেও পারেননি এমন অপেশাদার প্রশ্নের সম্মুখীন হতে হবে তাঁকে। 

ক্রিকেট নিয়ে কথা বললে ভালো হবে, বলেছেন মহম্মদ নবি

“আফগানিস্তান খুব ভালো খেলেছে এবং তারা দুটি ম্যাচ জিতেছে। যেহেতু, সরকার ও পরিস্থিতির পরিবর্তন হয়েছে সেহেতু, এমন কোন আশঙ্কার কারণ আছে যে দেশে ফিরলে আপনাদের জবাবদিহির সম্মুখীন হতে হবে?” সাংবাদিকটি প্রশ্ন করেছিলেন।

“এই পরিবর্তিত পরিস্থিতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি সুস্থ সম্পর্ক আছে। আপনি কি মনে করেন এর ফলে আফগান দল শক্তিশালী হবে?” সাংবাদিকটি ক্রিকেটবহির্ভূত প্রশ্ন করে যেতেই থাকেন। 

প্রশ্নে কিছুটা হতবাক হয়ে নবি জবাব দেন, “আমরা কি রাজনৈতিক পরিস্থিতির কথা বাদ দিয়ে ক্রিকেট নিয়ে কথা বলতে পারি? ক্রিকেট নিয়ে কথা বললে ভালো হয়। আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের জন্য এসেছি। সুতরাং, আপনি ক্রিকেট সম্পর্কিত যেকোনো প্রশ্ন করতে পারেন।”

নবি প্রশ্নের উত্তর দিতে না চাইলেও সাংবাদিক তাঁকে একই প্রশ্ন ঘুরিয়েফিরিয়ে করে যেতে থাকেন।। সংবাদ সম্মেলনের দায়িত্বে থাকা এক কর্তা তখন ওই সাংবাদিককে আর প্রশ্ন করতে বারণ করেন। এর সাথে সাথেই প্রেস কনফারেন্স শেষ হয় এবং নবি নিস্পৃহভাবে চলে যান।

close whatsapp