পাকিস্তান দলে ফিরলেন বর্ষীয়ান শোয়েব মালিক, চোটের কারণে বাদ গেলেন সোহেব মাকসুদ
এই নিয়ে দুই দিনে চতুর্থ বদল পাক দলে
আপডেট করা - Oct 10, 2021 11:38 am

সোহেব মাকসুদের পরিবর্ত হিসেবে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের দলে এলেন বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিক। ১৭ই অক্টোবর থেকে শুরু হতে চলা এই মেগা ইভেন্টটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে।
বিভিন্ন টি-২০ লিগ খেলে বেরানো মালিক প্রাথমিকভাবে নির্বাচিত মূল স্কোয়াডে ছিলেন না মূলত তাঁর অফ ফর্মের কারণে। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল টি-২০ কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ইনিংস খেলার পর তিনি পাক দলে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের নির্বাচক প্রধান মহম্মদ ওয়াসিম আশাবাদী যে মালিকের মতো একজন অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার দলে আসায় দল উপকৃত হবে। এই প্রসঙ্গে পিসিবি যে সরকারী বিবৃতি জারী করেছে তাতে ওয়াসিম বলেছেন, “টি-২০ বিশ্বকাপ থেকে সোহেব মাকসুদ বাদ পড়ায় স্বাভাবিকভাবেই বিপর্যস্ত। সুযোগ পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছিল এবং ইদানীং ফর্মেও ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ওকে বাদ যেতে হল। কিন্তু এটাও মনে রাখতে হবে চোট-আঘাত খেলারই একটি অংশ। আমি বিশ্বাস করি চোট সারিয়ে ও আবার স্বমহিমায় ফিরবে।”
শোয়েবের বিপুল অভিজ্ঞতা দলের কাজে আসবে
ওয়াসিম আরো বলেন, “টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি শোয়েব মালিককে দলে অন্তর্ভুক্ত করার। শোয়েবের বিপুল অভিজ্ঞতা দলের কাজে আসবে।”
৩৯ বছর বয়সী মালিক পাকিস্তানের হয়ে ১১৬টি আন্তর্জাতিক টি-২০তে ২৩৩৫ রান করেছেন ৩১.১৩ গড়ে। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে তিনি ছিলেন দলের অধিনায়ক। পরের ২০০৯ সংস্করণে তিনি পাকিস্তানের চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন।
গতকাল পাকিস্তান প্রাক্তন অধিনায়ক সরফারাজ আহমেদ ও ব্যাটার ফাখার জামান ও হায়দার আলিকে দলে অন্তর্ভুক্ত করে। প্রাথমিকভাবে নির্বাচিত মূল স্কোয়াড থেকে বাদ পড়েন খুশদিল শাহ, আজম খান ও মহম্মদ হাসনাইন।
সরকারী বিবৃতিতে ওয়াসিম ওই তিনজনের অন্তর্ভুক্ত প্রসঙ্গে বলেন, “প্রতিদ্বন্দ্বিতামূলক ন্যাশনাল টি-২০তে ক্রিকেটারদের পারফর্ম্যান্স বিবেচনা করে এবং টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি হায়দার আলি, ফাখার জামান ও সরফারাজ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করার। ফর্মে থাকা তিনজন প্লেয়ারদের অভিজ্ঞতা ও প্রতিভা আমাদের দলকে আরো ভারসাম্য দেবে এবং মজবুত করবে।”
যাঁরা বাদ গেলেন তাঁদের প্রসঙ্গে ওয়াসিম বলেন, “বাদ যাওয়াটা মেনে নিতে আজম, খুশদিল ও হাসনাইনের কষ্ট হবে। কিন্তু ওদের মনে রাখা উচিত আরো সুযোগ আসবে। ২০২১ টি-২০ বিশ্বকাপের পরের বছরেই অস্ট্রেলিয়াতে ২০২২ টি-২০ বিশ্বকাপ আসতে চলেছে। ওই তিনজনকে নিয়ে আমরা ভবিষ্যতেও ভাবব।”
বিশ্বকাপ খেলার জন্য পাকিস্তান ১৫ই অক্টোবর দুবাইয়ের উদ্দেশে রওনা হচ্ছে।
২০২১ টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের পরিবর্তিত স্কোয়াড – বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখার জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মহম্মদ হাফিজ, মহম্মদ নাওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম (জুনিয়র), সরফারাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।
রিজার্ভ – খুশদিল শাহ, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।