এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলে সৌরভ

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

সঞ্জীব গোয়েঙ্কা আইপিএল দল কেনায় এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা দেওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। আজ সেই ইস্তফা দেওয়ার কথা নিজেই জানালেন বিসিসিআই সভাপতি। কারণ একটাই- স্বার্থ সংঘাত। আরপিএসজি গ্রুপ বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (বিসিসিআই) লখনউ ফ্র্যাঞ্চাইজি জিতেছে। এদিকে আরপিএসজি গ্রুপের ফুটবল দলের নাম এটিকে মোহনবাগান। এই দলের ডিরেক্টর ছিলেন বিসিসিআই-এর সভাপতি। ফলে আরপিএসজি গ্রুপ আইপিএল-এর দল কিনতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতে থাকে।

সঞ্জীব গোয়েঙ্কা একটি সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘আমি মনে করি তিনি মোহনবাগান থেকে পুরোপুরি সরে যাচ্ছেন। তবে এটা সৌরভের জন্য ঘোষণা করা ঠিক হবে। আমি দুঃখিত। আগেই বলে দেওয়ার জন্য।’

বুধবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকবাজ ওয়েবসাইটকে বলেছিলেন, যে তিনি এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি পদত্যাগ করেছি।’ এর আগেও দিল্লি ক্যাপিটালসের মেন্টর থাকার সময় প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। কারণ তখন সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন সিএবি-র প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, আইএসএল-র শুরু থেকেই এটিকে সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ। ২০২০ সালে মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণের পরে তৈরি হয় ‘এটিকে মোহনবাগান’। এটিকের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে অন্যতম সৌরভ। কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা গঠন করা হয়েছিল। সেই সংস্থার মালিক সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, উৎসব পারেখ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, এটিকে ২ বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। এখন এটিকে দলের কোচ হাবাস। আবারও এটিকে মোহনবাগানের সমর্থকরা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

close whatsapp