বেঙ্গালুরুর দিন-রাতের টেস্টে বিরাটকে টপকে যাওয়ার সুযোগ রোহিত শর্মার সামনে

Rohit Sharma and Virat Kohli
Rohit Sharma and Virat Kohli. (Photo by PAUL ELLIS/AFP via Getty Images)

টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম পরীক্ষাটায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন রোহিত শর্মা। এবার সামনে আরও একটা চ্যালেঞ্জ। এবার অবশ্য লড়াইটা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। আগামী ১২ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে নামছে ভারত। ভারতের ঘরের মাটিতে এই নিয়ে তিনটি দিন-রাতের টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। আর সেই মঞ্চেই বিরাট কোহলির রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে রোহিত শর্মার। আবার বিরাটেরও সামনে রয়েছে নতুন রেকর্ড তৈরি করার লক্ষ্য।

দিন-রাতের গোলাপী বলের টেস্টে এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান কয়েছে বিরাট কোহলির। এখনও পর্যন্ত চারটি ইনিংস খেলে বিরাটের ঝুলিতে রয়েছে ২৪১ রান। তিনিই রয়েছেন সবার ওপরে। শুধু তাই নয় ৪ ইনিংসের মধ্যে বিরাট কোহলির ব্যাটে রয়েছে একটি সেঞ্চুরীও। ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১২৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। টেস্টে অবশ্য সেটাই শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন তিনি।

এবার সেই বিরাট কোহলির রেকর্ডই টপকে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনে। এই মুহূর্তে গোলাপী বলের টেস্টে বিরাট কোহলির ঠিক পরেই রয়েছেন রোহিত শর্মা।  ২টো দিন-রাতের টেস্টে রোহিত শর্মার রয়েছে ১১২ রান। যদিও এই ফর্ম্যাটে রোহিতের ব্যাটে এখন পর্যন্ত একটিও শতরান দেখা যায়নি। তাই দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে থেকেই দুই তারকার রেকর্ড নিয়ে শুরু হয়ে গিয়েছে তড়জা।

গোলাপী বলের দিন-রাতের টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান রয়েছে বিরাট কোহলির

বিরাট পরবর্তী ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব এখন রোহিত শর্মার কাঁধে। মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেই অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছে রোহিত শর্মার। শুরুতেই ফুল মার্কস পেয়ে উতরেও গিয়েছেন তিনি। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ২২২ রানে হারিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তাও আবার মাত্র তিন দিনেই।

এবার রোহিত শর্মার সামনে আরও এক রেকর্ডের হাতছানি। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসাবে এখনও পর্যন্ত দিন-রাতের টেস্টে শতরান রয়েছে বিরাট কোহলির। সেইসঙ্গে সর্বোচ্চ রানও রয়েছে তাঁরই ঝুলিতে। রোহিত শর্মা তাঁর থেকে একধাপ নীচে থাকলেও, রানের ফারাক দুই তারকার মধ্যে অনেকটাই। যদিও টেস্ট ক্রিকেটের দুই ইনিংসে সেই রান পেড়িয়ে যাওয়ার সুযোগও পাবেন রোহিত শর্মা।

প্রথম টেস্টে যদিও বড় রান পাননি রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে রানে ফিরতে মরিয়া তিনি। একইসঙ্গে টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম সিরিজেই শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যও রয়েছে রোহিত শর্মার সামনে। সব মিলিয়ে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রোহিত-বিরাটের রেকর্ডের লড়াই ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।

close whatsapp