জল্পনার অবসান, টেস্ট অধিনায়ক নির্বাচিত রোহিত

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন রোহিত

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে যত জল্পনা চলছিল সেসব থামিয়ে দেওয়ার সময় এসে গেছে। কারণ রোহিত শর্মা এই দায়িত্ব নিতে চলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করার সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ঘোষণা করেছে। ২৪শে ফেব্রুয়ারি থেকে ভারত লঙ্কান লায়নদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। 

এই সিরিজটি টেস্ট অধিনায়ক হিসাবে রোহিতের প্রথম দায়িত্ব হতে চলেছে এবং অভিজ্ঞ ওপেনার নিজের একটি ছাপ তৈরী করতে সচেষ্ট হবেন। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ১-২ ব্যবধানে পরাজয়ের পরে অপ্রত্যাশিতভাবে বিরাট কোহলি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছিল এই গুরুত্বপূর্ণ পদটি কে সামলাবেন সেই নিয়ে। ইতোমধ্যেই ওডিআই এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া রোহিত ইদানীং দীর্ঘতম ফর্ম্যাটে ভালো ফর্মে আছেন।

ভারতের তিনটি ফর্ম্যাটেরই অধিনায়ক নির্বাচিত রোহিত শর্মা

যদিও, টেস্ট অধিনায়ক হিসেবে তিনি নিয়োগ হওয়ার আগে অনেক প্রশ্ন উঠেছিল। প্রধান যে দুটি বিষয় তাঁর বিরুদ্ধে ছিল তার একটি হল তাঁর বয়স এবং অন্যটি হল তাঁর ফিটনেস। আগামী এপ্রিলে ৩৫ বছর বয়স পূর্ণ করতে চলা রোহিত অতিরিক্ত চোটপ্রবণ। তাই, অনেক বিশেষজ্ঞের মত ছিল কেএল রাহুল বা ঋষভ পন্তের হাতে এই দায়িত্ব যাওয়া উচিত। তবুও, বিসিসিআই রোহিতের উপর তাদের আস্থা দেখিয়েছে। সাদা বলের ক্রিকেটে একজন প্রমাণিত অধিনায়ক রোহিত।

টেস্ট ম্যাচে রোহিতকে এখনও নেতা হিসেবে দেখা যায়নি। টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর রোহিত এখন ভারতের সর্ব-ফর্ম্যাটের অধিনায়ক এবং তাঁর কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি হবে। কারণ রোহিতের পূর্বসূরি বিরাট কোহলি তাঁর অধিনায়কত্ব জীবনে ভারতের টেস্ট দলকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যেখানে ভারতের অন্য কোন অধিনায়ক পৌঁছতে পারেননি। উল্লেখ্য, মোহালিতে অনুষ্ঠিত প্রথম টেস্টটি দীর্ঘতম ফর্ম্যাটে কোহলির ১০০তম উপস্থিতি চিহ্নিত করবে এবং ৩৩ বছর বয়সী এই উপলক্ষটি একটি বিশেষ ইনিংস দিয়ে উদযাপন করতে উৎসুক হবেন।  

এদিকে, টিম ইন্ডিয়া তাদের বিগত সিরিজটি ১-০ এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হেরে যাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যাবর্তন করতে চায়বে। যদিও, ঘরের মাঠে শ্রীলঙ্কা খুব বড় চ্যালেঞ্জ হবে না কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে উপরের দিকে উঠে আসার জন্য দুই ম্যাচের সিরিজে ভালো ফল করার দিকে লক্ষ্য থাকবে ভারতের। 

close whatsapp