কোহলিকে পারফর্ম করতে হলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরী, মত সাঙ্গাকারার
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে
আপডেট করা - Jan 2, 2023 5:47 pm

কুমার সাঙ্গাকারা মনে করেন যে বিরাট কোহলিকে ভারতের হয়ে খেলার সময় শীর্ষে থাকার জন্য তাঁর কাজের চাপ সামলানো করা দরকার। কোহলিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, যা মঙ্গলবার, ৩ জানুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে। এক সপ্তাহ পরে একই প্রতিপক্ষের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের জন্য ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ফিরে আসবেন।
স্পোর্টস তকের একটি আলোচনা চলাকালীন সাঙ্গাকারাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বিগত কয়েক বছরে বিরাট কোহলির ক্রিকেটে কোন পরিবর্তন দেখেছেন কি না কারণ সাম্প্রতিক সময়ে বোলারদের সামনে তাঁকে আর আধিপত্য দেখাতে দেখা যায় না।
প্রতিনিয়ত পারফর্ম করে যাওয়ার প্রত্যাশা কোহলির উপর প্রভাব ফেলছে: কুমার সাঙ্গাকারা
উত্তরে তিনি বলেছেন, “আমি মনে করি বিরাটের সঙ্গে একটি সৎ কথোপকথন করা জরুরী এবং তাকে জিজ্ঞাসা করা উচিৎ যে সে কীভাবে তার কাজের চাপ এবং তার সময় পরিচালনা করবে যাতে প্রতিবার সে যখন ভারতের হয়ে খেলবে তখন সে যেন সতেজ থাকে, খুশি থাকে, ম্যাচ জেতার জন্য ক্ষুধার্ত থাকে। তাকে সব সময় ক্রিকেট খেলতে বাধ্য করে আশা করতে পারবেন না যে সে সব সময়ই ভালো খেলবে।”
প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক উল্লেখ করেছেন যে কোহলির উপর প্রচণ্ড চাপ রয়েছে যা তাঁর খারাপ ফর্মের জন্য দায়ী, “বিরাট কোহলির মতো এতো ক্রিকেট কেউ খেলে না। সে কতটা ভালো বা সে কতটা ফিট, সেটা সব সময় বিবেচ্য নয়; সে দুই ক্ষেত্রেই ভালো, অবিশ্বাস্যভাবে প্রতিভাবান এবং দক্ষ, কিন্তু ক্লান্তি ও চাপ, এবং প্রতিনিয়ত পারফর্ম করে যাওয়ার প্রত্যাশা তার উপর প্রভাব ফেলছে।”
সাঙ্গাকারা উল্লেখ করেছেন যে এশিয়া কাপের আগে বিরতির সুবিধা পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে পারফর্ম করার সুযোগ দিয়েছিল। তিনি বলেছেন, “কখনও কখনও আপনি এটি উপভোগ করা বন্ধ করে দেন, তাই আপনার একটি বিরতির প্রয়োজন, আপনাকে রিফ্রেশ করতে হবে এবং ফিরে আসতে হবে। সে জন্যই বিরাট ক্ষুধার্ত হয়ে ফিরে এসে পারফর্ম করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাটিং অসাধারণ ছিল, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে।”
কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তাঁর ২৯৬ রান এসেছিল ৯৮.৬৭-এর অসামান্য গড় এবং ১৩৬.৪০-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর অপরাজিত ৮২ রানের ইনিংসটি ভারতকে একটি অনিশ্চিত অবস্থান থেকে ম্যাচ জিততে সাহায্য করেছিল।