কপিল দেবের হাতে লেখা চিঠি ও বুকে পেয়ে আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন
আপডেট করা - Mar 9, 2022 5:26 pm

মোহালীতে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভারতীয় দলের জয়ের পিছনের আরেক নেপথ্য কারিগড়ের নাম রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে জাদেজার সঙ্গে তাঁর ১৩০ রানের পার্টনারশিপটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। সেই মঞ্চেই বল হাতে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বহু প্রতীক্ষিত কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে এখন অশ্বিনের সংগ্রহে রয়েছে ৪৩৫টি উইকেট। কপিল দেবকে টপকে এখন ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অশ্বিন।
এই রেকর্ড ভেঙে তিনি যতটা খুশি হয়েছেন, তার থেকেও যেন বেশী খুশি হয়েছেন কপিল দেব। ম্যাচ শেষের পরই কপিল দেবের গলায় অশ্বিনের প্রশংসা শোনা গিয়েছিল। এবার অশ্বিন প্রকাশ্যে আনলেন আরও একটা ঘটনা। অশ্বিনকে শুভেচ্ছা জানাতে একটু ফুলের বুকে ও নিজে হাতে লেখা একটি অভিনন্দন চিঠি উপহার দিয়েছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী কপিল দেব। আর তাতেই আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন।
আগামী ১২ মার্চ বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে অশ্বিনের জাদু ফের দেখা যাবে কিনা, সে তো সময়ই বলবে। কিন্তু অশ্বিন এখন সেই কপিল দেবের উপহার নিয়েই মজে রয়েছেন। ব্যাটিং, বোলিং দুই জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স প্রথম ম্যাচে দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। একই ম্যাচে রিচার্ড হ্যাডলি এবং কপিল দেবের মতো তারকার রেকর্ড ভেঙেছেন তিনি। শুভেচ্ছা বার্তার ঢল তো নামবেই। কিন্তু কপিল দেবের উপহারটা যেন সত্যিই বিশেষ অশ্বিনের কাছে।
মোহালীতে কপিল দেবের রেকর্ড ভেঙে টেস্টে ভারতীয় দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন
তিনি জানিয়েছেন, “তাঁর রেকর্ড টপকে যাওয়ার জন্য কপিল পাজি আমার বাড়িতে নিজের হাতে লেখা চিঠি ও বুকে পাঠিয়েছেন। যা পেয়ে আমি সত্যিই আপ্লুত। অনেকেই তাদের মতো কিংবদন্তীদের ভুলে যায়। কিন্তু তাদের জন্যই আজ এই জায়গায় বসে রয়েছি আমি। তাদের অবদান আমি কথনও ভুলতে পারব না”।
কয়েকদিন আগেই অবশ্য অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কপিল দেব। অশ্বিন তাঁর রেকর্ড ভাঙার পরই উচ্ছ্বাসের সুর ধরা পড়েছিল কপিল দেবের গলায়। অশ্বিন সুযোগ পেলে তিনি যে এই রেকর্ড বহু আগেই ভেঙে দিতে পারতেন, সে ব্যপারে একেবারে নিশ্চিত ছিলেন কপিল দেব। একইসঙ্গে অশ্বিনের ঝুলিতে ৫০০টি উইকেট দেখার অপেক্ষায় রয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার। এরপরই অশ্বিনকে সেই বিশেষ উপহার পাঠিয়েছেন কপিল দেব।
যদিও এখনও পর্যন্ত অশ্বিনের লক্ষ হয়ত পূরণ হয়নি। এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের হয়ে অশ্বিনের পকেটে রয়েছে ৪৩৬টি উইকেট। ভারতে তাঁর সামনে রয়েছেন এখন শুধুমাত্র অনিল কুম্বলে। যাঁর রয়েছে ৬১৯টি উইকেট। যদিও অশ্বিনের সামনে এখনও সময় রয়েছে অনেক। তাঁকে টপকে যেতে পারলে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক হবেন রবিচন্দ্রন অশ্বিনই।