পাশে থাকার সঙ্গে খেলার স্বাধীনতাও দেন রোহিত, জানালেন জসপ্রীত বুমরাহ
আপডেট করা - Feb 26, 2022 7:24 pm

ভারতীয় দলের সব ফর্ম্যাটের অধিনায়ক এখন রোহিত শর্মা। তার আগে অবশ্য তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন। সেই অধিনায়ক রোহিতেরই প্রশংসায় পঞ্চমুখ জসপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মার জন্যই নাকি ভারতীয় ক্রিকেটে এই জায়গায় উঠে আসতে পেরেছেন বুমরাহ। আর সেই কথা বলতে তাঁর কোনো দ্বিধাও নেই। ক্রিকেটের বড় মঞ্চে পা রাখার পর থেকেই সব সময় পাশে পেয়েছেন রোহিত শর্মাকে। স্বাধীনতা পেয়েছেন তিনি। আর তাতেই নাকি জসপ্রীত বুমরার সাফল্য।
আর কয়েক দিন পরই ভারতের মাটিতে শুরু হতে চলেছে আইপিএল। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল দলের তকমা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের গায়েই। আর ধোনির সঙ্গে সবচেয়ে সফল অধিনায়কও এই মঞ্চে রোহিত শর্মা। সেই দলের হয়েই আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেছিলেন বুমরাহ। সেই থেকেই উত্থান। আর এই সমস্ত কিছুর পিছনে নাকি রোহিত শর্মার ভূমিকাই রয়েছে সবচেয়ে বেশী।
২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল জসপ্রীত বুমরার। কিন্তু তখন তিনি মুম্বই শিবিরের নিয়মিত সদস্য ছিলেন না। শেন বন্ড. লসিথ মালিঙ্গাদের মতো বোলারদের দাপটে বেশীরভাগ সময়টাই রিজার্ভ বেঞ্চে কাটাতে হত গুজরাতের এই ক্রিকেটারের। কিন্তু য়খনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমান করেছেন তিনি। আর এখন আইপিএলের মঞ্চেই শুধু নয় বিশ্ব ক্রিকেটে জসপ্রীত বুমরা বহু ব্যাটারের কাছেই ত্রাস।
আইপিএলের প্রথম দিন থেকেই রোহিত শর্মাকে পাশে পেয়েছেন তিনি, জানালেন জসপ্রীত বুমরাহ
রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইউটিউবে এক কথোপকথনে জসপ্রীত বুমরা এই প্রসঙ্গে জানান, “প্রথম দিন থেকেই রোহিত শর্মার সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক রয়েছে। আমি যখন মুম্বই ইন্ডিয়ান্সে আসি তখন দলের অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। সেভাবে প্রথম একাদশে খেলার সুযোগ পেতাম না। কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে সেই সুযোগ পাওয়া শুরু করি। আমাকে সবসময়ই আত্মবিশ্বাস যোগাতেন তিনি। আমি যখন নেটে বল করতাম সবসময়ই আমাকে দেখতেন তিনি। সব সময়ই নিজের ওপর বিশ্বাস রাখতে বলতেন”।
২০১৬ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের নিয়মিত বোলার তিনি। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সকলে। মুম্বইয়ের বহু ম্যাচ জয়ের নায়কও তিনি। একের পর এক ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন বুমরাহ। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০৬টি ম্যাচ ১৩০টি উইকেট পেয়েছেন তিনি। তাঁক গড় রয়েছে ২৩.০৩। আর এই সমস্ত কিছুর পিছনেই রোহিত শর্মার বহু অবদান। তাঁর পাশে থাকা তো রয়েছেই, সেইসঙ্গে প্রতিটা মুহূর্তে জসপ্রীত বুমরাকে স্বাধীনতা দিয়েছেন রোহিত শর্মা। এমনকি ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও বুমরাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন রোহিত শর্মা।
খেলার মাঠে রোহিত শর্মার থেকে সবসময়ই স্বাধীনতা পেয়েছেন জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহ আরও জানান, এখন একটা এমন জায়গায় আমরা চলে এসেছি, “তিনিই আমাকে জিজ্ঞাসা করেন বোলিংয়ের সময় কেমনভাবে ফিল্ডিং সাজাতে হবে, সেটা তিনি সাজিয়ে দেবেন। কখনও কখনও তা কাজও করে না। কিন্তু তিনি শান্ত পরিবেশই বজায় রাখেন দলের অন্দরে। তাঁর নেতৃত্বে যতটা দরকার ততটাই স্বাধীনতা পাই আমি”।
মুম্বইয়ের পর রোহিত শর্মা এখন ভারতীয় দলেরও প্রতিটা ফর্ম্যাটের অধিনায়ক। সেখানেও অবশ্যই জসপ্রীত বুমরাহ যথেষ্ট স্বাধীনতা পাচ্ছেন। রোহিুত-বুমরাহ জুটির হাত ধরে ভারতীয় দল সাফল্যের সিড়ি বেয়ে কতটা ওপরে ওঠে সেটাই এখন দেখার।