“যেভাবে রান করছি তাতে আমি খুশি” – মহিলাদের বিশ্বকাপে সাফল্যের ব্যাপারে আশাবাদী মিতালী রাজ

আসন্ন মার্চে কেরিয়ারের ষষ্ঠ ওডিআই বিশ্বকাপ খেলবেন মিতালী

Mithali Raj
Mithali Raj. (Photo by Simon Galloway/PA Images via Getty Images)

ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ আত্মবিশ্বাসী যে তরুণ ব্রিগেডের সর্বোচ্চ স্তরে পারফর্ম করার ক্ষমতা রয়েছে এবং তাদের লক্ষ্য আগামী মাসে অধরা বিশ্বকাপ শিরোপা জেতার। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে ৪ঠা মার্চ। 

ভারতীয় দলের স্কোয়াডে এমন কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছেন যারা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবেন। মিতালী বিশ্বাস করেন যে বৈশ্বিক ইভেন্টের আগে যে দ্বি-পাক্ষিক সিরিজগুলি খেলা হয়েছে সেগুলি খেলোয়াড়দের নিজেদের পারফরম্যান্সকে উন্নত করার সুযোগ দিয়েছে৷ 

তরুণ প্রতিভাদের উপর ভরসা রাখছেন ভারতীয় অধিনায়ক

প্রাক-টুর্নামেন্ট প্রেস কনফারেন্সে কথা বলতে গিয়ে, মিতালী রাজ বলেছেন, “গত বছরে আমরা বেশ কিছু প্রতিভা পেয়েছি। তাদের মধ্যে আমরা কিছু তরুণ প্রতিভাকে স্কোয়াডে সুযোগ দিয়েছি এবং তাদের বেশিরভাগই দেখিয়েছে যে তাদের এই স্তরে খেলার ক্ষমতা আছে যেমন রিচা ঘোষ, শাফালি ভার্মা। এ ছাড়া সিমার হিসেবে আমাদের মেঘনা সিং, পূজা বস্ত্রকার আছে।”

তিনি যোগ করেছেন, “তাদের সবাইকে খেলার জন্য উপযুক্ত সময় দেওয়া হয়েছে এবং এই সিরিজগুলি সত্যিই তাদের এবং আমাকে একজন অধিনায়ক হিসাবে দলের গঠনে তারা কোথায় ফিট করে তা খুঁজে বের করতে সাহায্য করেছে।”

শাফালি ভার্মা, রিচা ঘোষ ও পূজা বস্ত্রকারের মতো প্রতিভাদের জন্য বিশ্বকাপ একটি কঠিন পরীক্ষা হবে আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের দক্ষতা এবং কর্তৃত্ব প্রদর্শনের জন্য। কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া মিতালী তাঁর নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট। “ব্যক্তিগতভাবে, আমি যেভাবে রান করছি তাতে আমি খুশি, এবং আমি বিশ্বকাপে এই ফর্মটি চালিয়ে যেতে চাই,” তিনি যোগ করেছেন।

৩৯ বছর বয়সী এই ব্যাটার হোয়াইট ফার্নসের বিরুদ্ধে ভালো ফর্মে ছিলেন, পাঁচটি ম্যাচে তিনবার ৫০ বা তার বেশী রানের ইনিংস খেলেছিলেন। ভারতের ব্যাটিং বিভাগে এখনও অতীব গুরুত্বপূর্ণ সদস্য মিতালী রাজ ট্রফি জিতে তাঁর কেরিয়ারকে আরও স্মরণীয় করে তোলার ব্যাপারে আশাবাদী। টিম ইন্ডিয়ার একজন সদস্য হিসেবে এটিই তাঁর শেষ ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা।

তাঁর বিশাল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মিতালী এরপর হয়তো পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের উন্নতিকল্পে কাজ করতে আগ্রহী হবেন। তিনি শেষে বলেছেন, “আমি তরুণ খেলোয়াড়দের একমাত্র এটাই উপদেশ দেব যে এতো বড় মঞ্চ উপভোগ করো কারণ তুমি যদি চাপে পড়ে যাও তবে বিশ্বকাপে তুমি দলকে তোমার সেরাটা দিতে পারবে না।”

৬ই মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। 

close whatsapp