ব্যাটিং বিপর্য‍য়ের ফলে ইংল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

ইংল্যান্ডের বোলিংয়ে নজর কাড়লেন চার্লি ডিন ও আনিয়া শ্রাবসোল, ভালো ব্যাটিং হিদার নাইটের

India vs England
India vs England. (Photo by Hannah Peters/Getty Images)

ঝুলন গোস্বামীর ঐতিহাসিক কীর্তি এবং ম্যাচের প্রায় অন্তিম লগ্নে মেঘনা সিং-এর বল হাতে জ্বলে ওঠা এবং দুটি অনবদ্য ক্যাচ। এর বাইরে চলতি আইসিসি মহিলা বিশ্বকাপে ভারত তাদের চতুর্থ ম্যাচে বিশেষ কিছু মনে রাখতে চায়বে না। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফর্মে ফেরা ভারতীয় ব্যাটিং লাইন-আপ ইংল্যান্ডের সামনে কার্যত আত্মসমর্পণ করল।

ধারাবাহিকভাবে উইকেট পড়ল। কোন বড় পার্টনারশিপ গড়ে উঠল না। বিশ্বকাপে যে মিতালী রাজ খেলতে এসেছেন তাঁকে দেখে মনে হচ্ছে এবার তাঁর অবসর নিতে আর দেরি করা উচিত নয়। ৫ বলে ১ রান করে আউট হওয়া মিতালী এই বিশ্বকাপে চার ম্যাচ খেলে মাত্র ৪৬ রান করেছেন। মিতালীর নেতৃত্বাধীন দল মহিলা বিশ্বকাপে যে দুটি ম্যাচ হারল, সেই দুটিই বেশ বড় ব্যবধানে। ফলে ক্ষতিগ্রস্ত হল নেট রান-রেট। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড লিগ পর্যায়ের প্রথম তিনটি ম্যাচ হারার পর দারুণভাবে টুর্নামেন্টে প্রত্যাবর্তন করল। চার উইকেট হাতে রাখার পাশাপাশি ইংল্যান্ড ১১২ বল বাকি থাকতে ম্যাচ জেতে। 

চার্লি ডিন ও আনিয়া শ্রাবসোলের দ্বৈত আক্রমণে বিপর্যস্ত ভারতীয় ব্যাটিং

বে ওভালে ইংল্যান্ডের ওপেনার ট্যামি বোমন্টকে ১ রানে আউট করার সময় ঝুলন মহিলাদের ওডিআই ফর্ম্যাটে প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট শিকার করে রেকর্ড গড়লেন। ঝুলনই একমাত্র বোলার যিনি মহিলাদের ওডিআই ইতিহাসে ২০০-র বেশি উইকেট নিয়েছেন। 

১৩৫ রানের স্বল্প লক্ষ্য তাড়া করতে অধিনায়ক হিদার নাইটের বীরত্বপূর্ণ হাফ সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ড ৩১.২ ওভারে লক্ষ্য অতিক্রম করে। নাইটের ৭২ বলে অপরাজিত ৫৩ রানের পাশাপাশি ন্যাট সিভারের ৪৬ বলে ৪৫ রান রান তাড়া করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে। ঝুলনের একটি ডেলিভারি সিভারের ব্যাটের ইনসাইড এজে লেগে স্টাম্পে আঘাত করলেও বেইল না পড়ায় রক্ষা পান সিভার। 

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান স্মৃতি মান্ধানা (৩৫) ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন। উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ৩৩ করেন। এ ছাড়া টপ অর্ডার ও মিডল অর্ডারের কেউ ২০ রানও করতে পারেননি। পাওয়ারপ্লের ভিতরেই ভারত ৩ উইকেট হারায়। শেষের দিকে ঝুলন গোস্বামী ২৬ বলে ২০ রান করায় ভারত ১০০ রানের গণ্ডী অতিক্রম করে, যদিও ৩৬.২ ওভারে ১৩৪-এর বেশী এগোতে পারেনি। 

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং পারফর্ম্যান্স অফ স্পিনার চার্লি ডিনের (৮.২-১-২৩-৪)। ডিনের উইকেট শিকারের তালিকায় আছেন হরমনপ্রীত কউর, স্নেহ রানা, পূজা ভাস্ত্রাকার ও মেঘনা সিং। তবে ডিন আসার আগে ভারতের টপ অর্ডারে প্রথম আঘাতটি হানেন আনিয়া শ্রাবসোল। তাঁর বোলিং পরিসংখ্যান ৬-১-২০-২। ভারতের সেরা বোলার মেঘনা সিং (৭.২-৩-২৬-৩)। এই ব্যাপক বিপর্যয়ের পর আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কীভাবে প্রত্যাবর্তন করতে পারে তার দিকে নজর থাকবে। 

ভারত ও ইংল্যান্ড ম্যাচকে কেন্দ্র করে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো

close whatsapp