স্পিনাররা বোলিংয়ে আসার আগেই ভারতীয় পেসারদের ধাক্কায় বিপাকে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার দুই ওপেনারই মাত্র ১ রান করে আউট হয়েছেন

Dismissals of Usman Khawaja and David Warner
Dismissals of Usman Khawaja and David Warner. (Photo Source: Hotstar)

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচটি উত্তেজকভাবে শুরু হয়েছে এবং স্বাগতিকরা দেখিয়ে দিয়েছে তারা প্রস্তুত হয়েই নেমেছে। নাগপুরের পিচকে ঘিরে বিতর্কের মাঝে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স নাগপুরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়, যখন মহম্মদ সিরাজ তাঁর প্রথম ডেলিভারিতেই উসমান খোয়াজাকে আউট করেন।

প্যাট কামিন্স এমন একটি পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে ম্যাচ এগনোর সাথে সাথে বল অনেক বেশী টার্ন করবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় পিচ তৃতীয় দিনের পর থেকে ভাঙতে শুরু করে এবং তা বিবেচনা করে এটি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত ছিল বলা যায়। তবে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন অজি ওপেনাররা।

মহম্মদ সিরাজ তার প্রথম ডেলিভারিতেই উসমান খোয়াজাকে একটি ফুল লেংথ ডেলিভারি করেন, যা ফ্লিক করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি ওপেনার। আম্পায়ার নীতিন মেনন যদিও ভারতীয়দের আবেদনে সাড়া দেননি। ভারত ডিআরএসের শরণাপন্ন হয় এবং হক-আইতে দেখা যায় ডেলিভারিটি লেগ স্টাম্পে পিচ হওয়ার পরে লেগ স্টাম্পে লাগবে। খোয়াজা তিন বলে ১ রান করে আউট হন।

সম্প্রতি ওডিআই বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা সিরাজ উইকেটসহ মেডেন দিয়ে শুরু করার পরে ম্যাজিক দেখান মহম্মদ শামি। সফরকারীরা প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মহম্মদ শামি তাঁর দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারিতে ডেভিড ওয়ার্নারের অফ স্টাম্প উড়িয়ে দেন। বল তাঁর ব্যাটের ইনসাইড এজ এড়ানোর পরে প্যাডে লাগে এবং ক্রিজের অনেকটা পিছনে আটকে থাকা ওয়ার্নারের স্টাম্প বিগড়ে দেয়। তারকা ওপেনার ৫ বলে ১ রান করেন।

অস্ট্রেলিয়ার ইনিংস পুনর্গঠন করছেন ল্যাবুশেন ও স্মিথ

তৃতীয় ওভারের ভিতরেই অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২/২। এরপরে ইনিংস গড়ার দায়িত্ব নেন মার্নাস ল্যাবুশেন ও স্টিভ স্মিথ। দুই শীর্ষ মানের টেস্ট ব্যাটার ভারতীয় বোলারদের মোকাবিলা করতে থাকেন দৃঢ়ভাবে। বেশ কয়েকটি ক্ষেত্রে আউটের সম্ভাবনা থাকলেও দুই ব্যাটারই ক্রিজে তাঁদের অবস্থানে অনড় থাকেন। স্পিনারদের নিয়ে আলোচনার মাঝে ভারতের পেসাররা নজর কেড়ে দুই ওপেনারকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেও এই দুই ব্যাটার যতক্ষণ ক্রিজে থাকবেন, ততক্ষণ ম্যাচে অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের সম্ভাবনা জীবিত থাকবে। এই প্রতিবেদন লেখার সময়ে অস্ট্রেলিয়ার স্কোর ১৮ ওভারে ৪৪/২।

close whatsapp