“অবশ্যই দলে থাকতে হবে” – ভারতের একাদশে পান্তের অন্তর্ভুক্তি প্রসঙ্গে গিলক্রিস্ট
ঋষভ পান্ত না দীনেশ কার্তিক, কাকে খেলানো হবে সেই নিয়ে দ্বিধায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট
আপডেট করা - Sep 23, 2022 12:09 pm

অস্ট্রেলিয়ায় পরের মাসে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রোহিত শর্মার সামনে বেশ কিছু উদ্বেগজনক প্রশ্ন হাজির হয়েছে। এই মুহুর্তে বোলিংয়ের সমস্যা তীব্র হলেও, উইকেটকিপার-ব্যাটার হিসাবে – দীনেশ কার্তিক না ঋষভ পান্ত – কে খেলবেন, সেই প্রশ্নের উত্তর খোঁজাও বাকি আছে। প্রাক্তন অজি ক্রিকেটার এবং তাঁর প্রজন্মের অন্যতম পথিকৃৎ অ্যাডাম গিলক্রিস্ট উক্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।
রিকি পন্টিংয়ের অধীনে সর্বত্রজয়ী অস্ট্রেলিয়ান দলের অন্যতম স্তম্ভ থাকা অ্যাডাম গিলক্রিস্টকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উইকেটকিপার-ব্যাটার হিসেবে গণ্য করা হয় এবং তাঁর মতামত গুরুত্ব বহন করে। গিলক্রিস্ট পরামর্শ দিয়েছিলেন যে ক্রিজে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি এবং সাহসের কারণে ঋষভ পান্তকে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি বলেছেন যে পান্ত ও দীনেশ কার্তিক উভয়কেই একই সময়ে দলে স্থান দেওয়া যেতে পারে।
অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন পান্ত, কার্তিক দুজনেই ভারতের একাদশে জায়গা পেতে পারেন
“আমি ঋষভ পান্তের পক্ষে কারণ তার যে সাহস, সে যেভাবে বোলিং বিভাগকে আক্রমণ করে। আমি মনে করি ভারতীয় লাইন-আপে তাকে অবশ্যই থাকতে হবে। তারা একসাথে খেলতে পারে, কিন্তু আমি মনে করি ঋষভ পান্তকে অবশ্যই দলে থাকতে হবে,” আইসিসিকে বলেছেন গিলক্রিস্ট।
তিনবারের বিশ্বকাপজয়ী এরপরে দলে কার্তিকের গুরুত্ব তুলে ধরেন। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার তাঁর পুরো কেরিয়ার জুড়ে বেশ কয়েকটি পজিশনে খেলেছেন এবং সম্প্রতি খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ফিনিশার হিসেবে তাঁর অপরিসীম ক্ষমতা দেখিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার বলেছেন যে কার্তিক তাঁর দক্ষতা এবং শীর্ষ স্তরে অভিজ্ঞতার কারণে দলের একটি অংশ হতে পারেন।
“তারা উভয়েই একই দলে খেলতে পারে কিনা তা দেখতে আকর্ষণীয় হবে। আমার মনে হয় তারা পারবে। তারা একটি দলে কী নিয়ে আসে… দীনেশ কার্তিকের বহুমুখিতা, সে অর্ডারের শীর্ষে খেলতে পারে, এবং সে তার কেরিয়ারে বেশীরভাগ সময় জুড়ে দেখিয়েছে যে সে মিডল ওভার বা ডেথেও খেলতে পারে। তার একটি সত্যিই চমৎকার স্পর্শ রয়েছে,” অস্ট্রেলীয় কিংবদন্তী যোগ করেছেন।