আইপিএল নিলামে ওয়ার্নার ও মার্শের বিকল্প খোঁজাই মূল চ্যালেঞ্জ দিল্লি ক্যাপিটালসের

সর্বাধিক পাঁচজন খেলোয়াড়কে কিনতে পারবে ডিসি

David Warner
David Warner. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২৩ নিলামে দিল্লি ক্যাপিটালস (ডিসি)-র ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের বিকল্প নেওয়া দরকার বলে মনে করেন ইরফান পাঠান। ক্যাপিটালস ২০জন খেলোয়াড়কে ধরে রেখেছে, যার মধ্যে আমান খানও রয়েছে, যিনি কলকাতা নাইট রাইডার্স থেকে ট্রেডিংয়ের মাধ্যমে এসেছেন। ২৩শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত নিলামে তারা ₹১৯.৪৫ কোটি টাকা নিয়ে নামছে, এবং সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় কিনতে পারবে যাঁদের মধ্যে সর্বাধিক দুইজন বিদেশী থাকতে পারবে। 

স্টার স্পোর্টস শো ‘গেম প্ল্যান’-এ একটি আলোচনা চলাকালীন, পাঠান মতামত দিয়েছেন যে দিল্লি ক্যাপিটালসের ওয়ার্নার এবং মার্শের জন্য বিকল্প খোঁজা দরকার। তাঁর যুক্তি ছিল, “তাদের ডেভিড ওয়ার্নারের ব্যাকআপ নিতে হবে। তার বয়স কমছে না। তাদের এমন একজনের প্রয়োজন যে এই ধরনের ভূমিকা পালন করতে পারে, আক্রমণাত্মক হতে পারে। মিচেল মার্শের বদলিও দরকার কারণ মিচেল মার্শ প্রায়ই চোটের সমস্যায় ভোগেন।”

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেন একজন বিদেশী ফিনিশার নিলে ফ্র্যাঞ্চাইজি উপকৃত হবে। এই বিষয়ে তাঁর পর্যবেক্ষণ, “তাদের কাছে প্রায় ২০ কোটি টাকা অবশিষ্ট, যার অর্থ তারা কোন খেলোয়াড়ের জন্য অনেক দূর যেতে পারে এবং নিলামে থাকা একজন উপযুক্ত অলরাউন্ডার পেতে পারে যে আন্তর্জাতিক ক্রিকেটে একজন শীর্ষ মানের অলরাউন্ডার। এর পাশাপাশি যদি তারা একজন অভিজ্ঞ আন্তর্জাতিক মিডল অর্ডার ব্যাটার পায় যে খেলা শেষ করতে পারে, তবে আমি মনে করব এই দলটাকে খুব শক্তিশালী দেখাবে।”

দিল্লি ক্যাপিটালস স্কোয়াডকে খুবই শক্তিশালী মনে করছেন ইরফান পাঠান

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস স্কোয়াডে বিদেশী ফিনিশার হিসাবে রভম্যান পাওয়েল রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিগ-হিটার গত মরসুমে ১৪ ম্যাচে ২৫-এর সামান্য কম গড়ে এবং ১৪৯.৭০-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ২৫০ রান করেছিলেন।

তবে পাঠান স্বীকার করেছেন যে নিলামের আগেই দিল্লি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিকে বেশ শক্তিশালী একটি ইউনিট মনে হচ্ছে। তিনি বলেছেন,” দিল্লি ক্যাপিটালসকে খুব শক্তিশালী দেখাচ্ছে। তাদের স্কোয়াডে ইতিমধ্যেই ২০জন খেলোয়াড় রয়েছে। নিলামের জন্য তাদের কাছে প্রায় ২০ কোটি টাকা রয়েছে। ডান-হাতি ও বাঁ-হাতি ফাস্ট বোলার দুই ক্ষেত্রেই তিনজন উপযুক্ত মানের বোলার রয়েছে।”

ক্রিকেটার থেকে ধারাভাষ্যকারে পরিণত হওয়া ইরফান বলেছেন যে ঋষভ পান্তের দলের বেশীর ভাগ জায়গাই সমৃদ্ধ। তিনি শেষে বলেছেন, “কুলদীপ যাদবের মতো একজন রিস্ট-স্পিনার আছে। স্কোয়াডে ইতিমধ্যেই তাদের একজন নেতা আছে। তাদের বেশ কয়েকজন ব্যাটার আছে। তাদের পৃথ্বী শ এবং ঋষভ পান্তের মতো আক্রমণাত্মক ব্যাটার আছে। তারা খুবই শক্তিশালী দেখাচ্ছে।”

close whatsapp