বিরাট ও রোহিতকে নিয়ে এখনই হাল ছাড়তে নারাজ সুনীল গাভাসকর
আপডেট করা - Apr 22, 2022 3:36 pm

ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্রের নাম বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু সেই দুই তারকাই এবারের আইপিএলে এখনও পর্যন্ত চূ়ড়ান্ত ব্যর্থ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্স দুই দলই ইতিমধ্যে ৭টি ম্যাচ খেলে ফেলেছে। দুই দলই এই দুই তারকার ওপর সবচেয়ে বেশী নির্ভরশীল। কিন্তু এখনও পর্যন্ত রোহিত শর্মা এবং বিরাট কোহলির দুজনের ব্যাটেই চলছে রানের খরা। সকলেই যখন তাদের নিয়ে চিন্তিত, সেই সময় সুনীল গাভাসকরের মুখে তাদের নিয়ে খানিকটা হলেও আশ্বাসেরই সুর।
তাদের ব্যাটে রান এখনও পর্যন্ত না থাকলেও, এই আইপিএলেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা রানে ফিরবে বলেই আশাবাদী সুনীল গাভাসকর। আর সেই দিন খুব একটা দেরী নেই বলেই মনে করছেন তিনি। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশ্য ভাল পারফরম্যান্সই দেখিয়েছে। যদিও বিরাট কোহলি প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তো এখনও পর্যন্ত জয়ের মুখই দেখতে পায়নি।
বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই মুকেশ চৌধুরীর বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি রোহিত শর্মা। শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। আর সেইসঙ্গেই আইপিএলের ইতিহাসে ল্জার রেকর্ড গড়েছিলেন দ্য হিটম্যান। আইপিএলে প্রথম ব্যাটার হিসাবে ১৪ বার শূন্য করার রেকর্ড গড়েছেন তিনি। সেইসঙ্গে তাঁর দলও আইপিএলের মঞ্চে টানা সাত ম্যাচ হেরে গিয়েছে।
আইপিএলে টানা সাতম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত রানের মুখ দেখেননি রোহিত ও বিরাট
একইরকমভাবে বিরাট কোহলির ব্যাটেও এই অবস্থা। শেষম্যাচে বিরাট কোহলিকেও ফিরতে হয়েছিল শূন্য রানেই। আউট হওয়ার পর তাঁর মুখের সেই অভিব্যক্তি নিয়ে কম ট্রোল হয়নি। যদিও সুনীল গাভাসকর এসব নিয়ে বেশী ভাবতে চাইছেন না। তাঁর মতে এমন দুই তারকার ব্যাটে রান নেই ঠিকই, কিন্তু তাদের ফর্ম ফিরে পেতেও খুব একটা দূরে দাঁড়িয়ে নেই।
তিনি জানিয়েছেন, “তারা হয়ত এই মুহূর্তে অনেকটাই নীচে রয়েছে। কিন্তু তারা চ্যাম্পিয়ন দল। এই প্রতিযোগিতায় পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে টানা সাতম্যাচ হারলে খানিকটা হতাশা তো থাকবেই। বলতে গেলে এবারের আইপিএল থেকে কার্যত ছিটকেই গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যেটা আগেও বলেছি এখনও বলছি, তাদের ব্যাটারদের রান পেতেই হবে। টিমগেম দরকার। স্টার স্পোর্টসে জানিয়েছেন সুনীল গাভাসকর”।
তিনি আরও বলেন, “রোহিত যখন রান পাবেন তখন মুম্বই যে বড় রান করবে তা বলাই বাহুল্য। তিনি এমন ধরণের একজন ব্যাটার যিনি ৮০ কিংবাল ৯০ রান করলেই তাঁর দল বড় রান পাবে। তিনি সাত ইনিংসে কোনও রান পাননি। তবে রোহিত বড় রানে ফেরা থেকে আমার মতে মাত্র এক ইনিংস দূরেই রয়েছেন”।
এই মুহূর্তে আইপিএলে সাত ম্যাচ খেলে রোহিত শর্মার রান ১১৪। গড় ২০-এরও নীচে। অন্যদিকে বিরাট কোহলির অবস্থাও প্রায় একইরকম। তাঁর ব্যাটে রান নেই। সাতম্যাচ খেলে বিরট কোহলি করেছেন ১১৯ রান। এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ ৪৮। কিন্তু সুনীল গাভাসকর তাঁদের নিয়ে এতটুকুতেই হাল ছাড়তে নারাজ। তিনি মনে করেন তাদের ফর্মে ফিরতে খুব একটা দেরী নেই।