“কোহলি আর কখনওই আরসিবি অধিনায়ক হবেন না” – মত ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন কোচ ড্যানিয়েল ভেট্টোরির
অধিনায়ক হিসেবে ম্যাক্সওয়েলকে এগিয়ে রাখছেন তিনি
আপডেট করা - Mar 7, 2022 3:02 pm

প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি মনে করেন তারকা ব্যাটার বিরাট কোহলিকে আর কখনওই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক করা হবে না। কোহলি আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের আগে ঘোষণা করেছিলেন যে তিনি মরসুম শেষ হওয়ার পরে আরসিবি অধিনায়কত্ব থেকে সরে যাবেন।
শ্রেয়াস আইয়ারের মতো কাউকে আনার জন্য ফ্র্যাঞ্চাইজি তাদের দিক থেকে সর্বোত্তম চেষ্টা করেছিল, কিন্তু নিলামের পর তাদের কাছে যে দল আছে সেখাম থেকে এখন ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকের মতো কয়েকটি বিকল্পই পড়ে রয়েছে কোহলির জায়গায় নেতৃত্ব সামলানোর জন্য।
ইএসপিএনক্রিকইনফোর সাথে কথা বলার সময়, ড্যানিয়েল ভেট্টোরি ব্যাখ্যা করেছেন যে কেন ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক প্রার্থী হিসেবে কোহলির কাছে ফিরে যাওয়া ঠিক হবে না। তিনি মতামত দিয়েছেন, “না বিরাট কোহলি আর কখনওই আরসিবি অধিনায়ক হবেন না। আমি মনে করি এটাই ঠিক। আমার মনে হয় না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেটে এমন করা উচিত। একবার দায়িত্ব ছেড়ে দিলে তার কাছে আবার ফিরে যাওয়া উচিত নয়।”
ম্যাক্সওয়েল দীর্ঘমেয়াদী বিকল্প, বলেছেন ভেট্টোরি
ভেট্টোরি দাবি করেছেন যে ফ্র্যাঞ্চাইজির একটি শক্তিশালী নেতৃত্বের দল থাকবে যার মধ্যে ডু প্লেসি, ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক এবং কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা থাকবে। জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য ম্যাক্সওয়েল প্রথম কয়েকটি ম্যাচে থাকবেন না। সাবেক কিউই অধিনায়ক মনে করেন ডু প্লেসি অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে পারেন।
তিনি এই বিষয়ে বলেছেন, “আমি মনে করি তারা কোহলি, ম্যাক্সওয়েল এবং ডু প্লেসিকে নেতৃত্বের দল হিসেবে দেখবে এবং এমনকি দীনেশ কার্তিককেও দেখবে। আমি মনে করি ম্যাক্সওয়েল না আসা অবধি ফাফ দায়িত্ব নেবে। কিন্তু তারা যদি প্রথম তিন ম্যাচ জিতে যায়, তা হলে হয়তো তারা ফাফকেই রেখে দেবে।”
ড্যানিয়েল ভেট্টোরি মনে করেন, আরসিবি অধিনায়ক হওয়ার জন্য গ্লেন ম্যাক্সওয়েলই একমাত্র দীর্ঘমেয়াদী বিকল্প। ম্যাক্সওয়েলের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে, তিনি মেলবোর্ন স্টার্সের নেতৃত্ব দিয়েছেন এবং ভেট্টোরি মনে করেন যে এই অভিজ্ঞতা তাঁকে আইপিএলে সাহায্য করবে।
এ বিষয়ে সাবেক কিউই অলরাউন্ডার বলেছেন, “আমি মনে করি ম্যাক্সওয়েল একটি সংক্ষিপ্ত দীর্ঘ মেয়াদী। আইপিএলে তিন বছর একটি দীর্ঘমেয়াদী সময়। তারা ম্যাক্সওয়েলকে তিন বছরের চক্র হিসাবে দেখবে এবং আশা করি তিনি গত আইপিএলের মতোই খেলতে থাকবেন। তারা আপাতত তাঁকে তিন বছরের জন্য নেতা হিসেবেই দেখবে।”
চ্যালেঞ্জার্স তাদের আইপিএল ২০২২ অভিযান শুরু করবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৭শে মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।