ডেথ ওভারে বোলিং করা মানসিকতার ব্যাপার, মত টাইমাল মিলসের

সতীর্থ বুমরাহর সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী মিলস

Tymal Mills
Tymal Mills. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

টাইমাল মিলস আইপিএল ২০২২-এ মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে প্রথম একাদশে জায়গা পেয়ে অনেক দিন পর আইপিএলে প্রত্যাবর্তন করলেন। সেই ম্যাচটি দল জিততে না পারলেও তিনি ব্যক্তিগত সাফল্য উপভোগ করেছেন কারণ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্তের উইকেট মিলস তাঁর পকেটে পুরেছিলেন।

ইংলিশ পেসার ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন এবং তারপর থেকে আর আইপিএলে সুযোগ পাননি। লিগের ২০১৭ সংস্করণ শেষ হওয়ার পর থেকে তিনি আর ভারতে এসে ক্রিকেট খেলেননি।

“শুরুতে একটা উইকেট পাওয়াটা ভালো ছিল, বিশেষ করে পান্তের মতো বড় উইকেট। আমরা জানি সে কতটা বিপজ্জনক হতে পারে। বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের একজন সে। উইকেটটি আমার স্নায়ুকে স্থির করতে সাহায্য করেছিল এবং আশা করি, আরও অনেক উইকেট আসতে থাকবে,” মিলস mumbaiindians.com-এর সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন।

“পাঁচ বছর পর এখানে ফিরে আসাটা দারুণ ব্যাপার – ক্রিকেট খেলার জন্য সবসময়ই দারুণ জায়গা এটি। দর্শকের সামনে খেলতে পেরে ভালো লাগছে, আমাদের প্রথম খেলা‍য় আমাদের অনেক সমর্থন ছিল। আশা করি, আমরা আগামী ম্যাচে দর্শকদের আরও বেশী করে দেখতে পাব,” তিনি যোগ করেছেন।

আমি ডেথে বোলিং উপভোগ করি: টাইমাল মিলস

মিলস ডেথ ওভারে বোলিং করার জন্য পরিচিত, তবে তিনি বিশ্বাস করেন যে ডেথ বোলিং একটি মানসিকতার বিষয়। ২০১৮ সাল থেকে, মিলস ১৬-২০ ওভারে ১৪.৮৩ গড়ে এবং ৭.৭৮ ইকোনমি রেটে ৪২ উইকেট নিয়েছেন।

বর্তমানে সেরা ডেথ বোলারদের একজন হওয়ার বিষয়ে তাঁর চিন্তাভাবনার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “ডেথে বোলিং করা অনেকটা নির্ভর করে মানসিকতার উপর। চাপে থাকা অবস্থায় আপনাকে কঠিন ওভার বোলিং করতে হবে। এটা এমন কিছু যা আমি উপভোগ করি। আমি জানি যে আমি প্রতিবার সফল হতে পারব না কিন্তু যখন আমি সাফল্য পাই, তখন এটি একটি দুর্দান্ত অনুভূতি। স্পষ্টতই, অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন সেই চাপের পরিস্থিতিতে থাকেন, তখন ডেথ ওভারে বোলিং করার বিষয়ে আত্মবিশ্বাসী হতেই হবে।” 

তিনি আরও উল্লেখ করেছেন যে তিনি জসপ্রিত বুমরাহর সাথে একই দলে থাকতে পেরে উত্তেজিত এবং তিনি বুমরাহকে বর্তমানে ‘বিশ্বের সেরা বোলারদের একজন’ বলে মনে করেন। 

“বুমের (বুমরাহ) সাথে বোলিং করতে পেরে আমি সত্যিই উত্তেজিত, সে এখন বিশ্বের সেরা বোলারদের একজন। আমি তার কাছ থেকে শেখার অপেক্ষায় রয়েছি এবং আশা করি, টুর্নামেন্ট যতো এগোবে তত আমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং এমআই-এর হয়ে আমরা বেশ কিছু ম্যাচ জিততে পারব,” তিনি বলেছিলেন।

close whatsapp