দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০তে ফিরছেন কার্তিক, প্রথমবার সুযোগ পেতে পারেন মহসিন, উমরানও
অর্শদীপ, তেওয়াটিয়ারাও সুযোগ পাওয়ার দাবিদার
আপডেট করা - May 21, 2022 5:57 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরোয়া টি-২০ সিরিজটি ৯ই জুন থেকে শুরু হতে চলেছে এবং আইপিএল ২০২২-এর লিগ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, বিসিসিআই রবিবার (২২শে মে) স্কোয়াড ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। অনেক নতুন, এবং বেশ কিছু পুরানো মুখকে জাতীয় দলে জায়গা পেতে দেখা যেতে পারে। আইপিএলে নিজেদের সেরাটা দিয়ে নির্বাচকদের মুগ্ধ করা বেশ কিছু খেলোয়াড় নির্বাচিত হওয়ার দাবিদার। উমরান মালিক, মহসিন খানের মতো খেলোয়াড়দের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের অভিজ্ঞ দীনেশ কার্তিক এবং শিখর ধাওয়ান, যারা যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করেছেন, তাদের দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পরে স্কোয়াডে ফিরে আসতে পারেন। গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যিনি দীর্ঘ দিন চোটের কারণে বাইরে, তাঁকেও দলে অন্তর্ভুক্ত করা হবে, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
মিডল অর্ডারে ফিনিশার হিসাবে খেলে কার্তিক ১৪ ম্যাচে ২৮৭ রান সংগ্রহ করেছেন। ধাওয়ান পিবিকেএসের হয়ে ওপেনার হিসাবে খেলে ১৩ ম্যাচে ৪২১ রান করেছেন। ৩ ও ৪ নম্বরে ব্যাটিং করে পান্ডিয়া ১৩টি খেলায় ৪১৩ রান করেছেন এবং চার উইকেট নিয়েছেন। তিনি গুজরাত টাইটান্সকে তাদের প্রথম মরসুমেই প্লে অফে নেতৃত্ব দিয়েছিলেন।
সিনিয়রদের অবর্তমানে বেশ কিছু নতুনদের সুযোগ দেওয়া হতে পারে
১৫ই জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে টেস্ট দল রওনা হওয়ার কথা। সেই দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত এবং জসপ্রিত বুমরাহের মতো কিছু সিনিয়র খেলোয়াড়দের থাকার কথা, ফলে হোম সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে এঁদের। আগামী মাসের শেষের দিকে (জুন) আয়ারল্যান্ডে দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য একই দলের নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, গত বছর শ্রীলঙ্কায় দলকে নেতৃত্ব দেওয়া ধাওয়ান বা গুজরাত টাইটান্সকে তাদের প্রথম মরসুমে দুর্দান্ত নেতৃত্ব দেওয়া পান্ডিয়া অধিনায়কের দায়িত্ব নিতে পারেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভবিষ্যতের তারকাদের তৈরী করে চলেছে এবং এই বছরও তার ব্যতিক্রম ছিল না। উমরান যখন সানরাইজার্সের হয়ে তাঁর নিখুঁত গতিতে সবাইকে মুগ্ধ করেছেন, সেখানে বাঁহাতি পেসার মহসিন তাঁর নিয়ন্ত্রণ দেখিয়ে অবাক করেছেন। অর্শদীপ সিং আবার ডেথ ওভারে চমৎকার। তিলক ভার্মা, রাহুল তেওয়াটিয়া, এবং দীপক হুডা ব্যাটিং বিভাগে প্রতিশ্রুতিমান খেলোয়াড় এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁদেরও খেলার সুযোগ আছে। যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবও দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।