কেকেআরের খেলোয়াড়রা খেলবেন মেজর লিগ ক্রিকেটে, এবারে মাঠে নামবেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে
আপডেট করা - Jun 14, 2023 9:25 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর পর এইবার মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) চারজন খেলোয়াড়কে খেলতে দেখা যাবে। আমেরিকার এই টুর্নামেন্টের উদ্বোধনী মরসুমটি এই বছরই অনুষ্ঠিত হবে।
এই বছরই কেকেআরের হয়ে খেলতে দেখা গেছে জেসন রয়, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং লকি ফার্গুসনকে। রয় এই মরসুমের আইপিএলে ব্যাট হাতে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ৮টি ম্যাচ খেলে ৩৫.৬৩ গড় এবং ১৫১.৬০ স্ট্রাইক রেটের সাথে ২৮৫ রান করেছিলেন। আইপিএলের ১৬ তম সংস্করণ শেষ হওয়ার পর জেসন রয় নাইট ম্যানেজমেন্টের প্রস্তাবিত একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তি অনুযায়ী পৃথিবীর যেসব লিগে নাইট দল খেলবে সেইসব লিগে তাকে তাদের হয়ে খেলতে হবে। সেই কারণেই আমেরিকার এই টুর্নামেন্টে তিনি খেলবেন।
কেকেআরের দুই অভিজ্ঞ খেলোয়াড় আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন আইপিএল ২০২৩-এ ধারাবাহিক পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে নারিন দলের হয়ে তেমন একটা অবদান রাখতে পারেননি এবং বল হাতে ১১টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে, আন্দ্রে রাসেল ১৪টি ম্যাচ খেলে ২২৭ রান করেছিলেন এবং ৭টি উইকেট নিয়েছিলেন। লকি ফার্গুসন এই মরসুমে মাত্র ৩টি ম্যাচে প্ৰথম একাদশে জায়গা পেয়েছিলেন এবং মাত্র ১টি উইকেট নিতে পেরেছিলেন। মেজর লিগ ক্রিকেটে এই চারজনের পারফরম্যান্স কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।
লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন উন্মুক্ত চাঁদ
উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ২০১২ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। তাকে আমরা এইবছর লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখব। এছাড়াও এই দলে রয়েছেন অ্যাডাম জাম্পা, রাইলি রোসো এবং মার্টিন গাপটিল। আলি খান এবং জসকরণ মালহোত্রকেও দলে নিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। তারা আন্তর্জাতিক ক্রিকেটে আমেরিকার হয়ে খেলেন।
বোর্ড কফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতীয় ক্রিকেটারদের আইপিএল বাদে অন্য কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার অনুমতি দেয় না। সেই কারণে কেকেআর দলের এই চারজন খেলোয়াড়কে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে। সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল এর আগেও অন্য লিগে নাইট ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন। তাদের আবু ধাবি নাইট রাইডার্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা গেছে।