“রাসেল অনেক বড় প্লাস পয়েন্ট” – ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ আশাবাদী ক্যারিবিয়ান অলরাউন্ডার পার্থক্য গড়ে দেবেন
আগামীকাল খুলনা টাইগার্সের মুখোমুখি হচ্ছে মিনিস্টার ঢাকা
আপডেট করা - Jan 20, 2022 4:33 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম সংস্করণে মিনিস্টার ঢাকার হয়ে মাঠ কাঁপাতে প্রস্তুত আন্দ্রে রাসেল। গত মরসুমে রাজশাহী রয়্যালসের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অধিনায়কত্ব করা রাসেল এই বছর সবগুলো ম্যাচ না খেললেও প্রথম দিকের বেশ কিছু ম্যাচে ঢাকার অন্যতম ভরসা হবেন তিনি। এই বছর যদিও রাসেলকে নেতা হিসেবে দেখা যাবে না, তিনি খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে।
ঢাকার অধিনায়ক বিপিএল শুরুর একদিন আগে রাসেল সম্পর্কে যা বললেন তাতে স্পষ্ট যে দলে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে পেয়ে তিনি আত্মবিশ্বাসী। ঢাকার উদ্বোধনী ম্যাচে ‘ভালো মুড’-এ থাকবেন এই ক্যারিবীয় সুপারস্টার, এমনই প্রত্যাশা মাহমুদউল্লাহর। চেনা ছন্দে চলে এলে রাসেল যে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিতে পারেন, তা মাহমুদউল্লাহ ভালো মতোই জানেন।
ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ আশা করছেন চোট পাওয়া মোর্তাজাকে তৃতীয় ম্যাচ থেকে পাওয়া যাবে
গত আসরের ফাইনালে ওঠার ম্যাচে এই রাসেলের ঝড়ের সামনেই উড়ে গিয়েছিল মাহমুদউল্লাহর তৎকালীন দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই রাসেলকেই এবার নিজের দলে পেয়ে কাজে লাগাতে মরিয়া তিনি।
মাহমুদউল্লাহ বলেছেন, “রাসেল অনেক বড় প্লাস পয়েন্ট। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে এরকম খেলোয়াড় দলে থাকলে তার ওপর ভরসা অনেক বেড়ে যায়। আশা করি কাল সে ভালো মুডে থাকবে।”
শুধু রাসেল নন, ভালো ছন্দে অভিযান শুরু করার জন্য রিয়াদ তাকিয়ে বাকি সতীর্থদের দিকেও। তিনি বলেছেন, “আমরা শুরুটা কেমন করি সেটা গুরুত্বপূর্ণ। প্রতিটা দলই খুব ভারসাম্যপূর্ণ। ভালো শুরু করতে পারলে টুর্নামেন্টে ছন্দ পাব।”
তবে যেহেতু ফর্ম্যাটটি টি-টোয়েন্টি, তাই রাসেলের মতো বিধ্বংসী ক্রিকেটাররা যারা কয়েক বলের মধ্যে ম্যাচের রূপ বদলে দিতে পারেন, তাদের যে তাৎপর্য অনেক বেশী তাও ভালো মতো বোঝেন মাহমুদউল্লাহ। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “রাসেলের মতো একজন খেলোয়াড় ভালো করলে, একজন ব্যাটার ভালো ইনিংস খেললে পুরো দলের চেহারা বদলে যায়। তাই দল হিসেবে ভালো করতে হবে। যার যে দায়িত্ব সেটা যেন সে পূরণ করতে পারে।”
চোটের কারণে ঢাকার প্রথম দিকের বেশ কিছু ম্যাচে খেলা হবে না মাশরাফি বিন মোর্তাজাকে, এমনই আশঙ্কা করা হয়েছিল। যদিও মাহমুদউল্লাহ আশাবাদী যে বর্ষীয়ান পেসারকে তৃতীয় ম্যাচ থেকেই পাওয়া যাবে।
তিনি বলেছেন, “মাশরাফি থাকলে দলের পেস বোলিং বিভাগ আরও সমৃদ্ধ হয়। কন্ডিশন বিবেচনা করার ক্ষেত্রে ওঁর অভিজ্ঞতা অনেক কাজে আসে। প্রথম দুটো ম্যাচে ওঁকে সম্ভবত পাব না। আমি আশাবাদী তৃতীয় ম্যাচে তিনি থাকবেন।”