আন্দ্রে ফ্লেচারের চার-ছক্কার ফোয়ারা, ৯ উইকেটে জিতে মিরপুরের দ্বিতীয় পর্ব দুরন্ত ভঙ্গিতে শুরু করল খুলনা টাইগার্স
সিলেটের হয়ে একমাত্র আশার আলো মিঠুনের ফর্মে ফেরা
আপডেট করা - Feb 3, 2022 4:31 pm

চট্টগ্রাম পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবার ঢাকায় ফিরে এসেছে। তবে কেন্দ্র পরিবর্তিত হলেও সিলেট সানরাইজার্সের পারফর্ম্যান্স বদলাল না। খুলনা টাইগার্সের টপ অর্ডারের ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা করলেন সিলেটের বোলারদের নিয়ে। আন্দ্রে ফ্লেচারের ঝড়ের সামনে দাঁড়াতে পারলেন না একজন বোলারও। যদিও শুধু ফ্লেচার একা নন, সিলেটের বোলারদের ধরাশায়ী করলেন সৌম্য সরকার ও থিসারা পেরেরাও।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে সিলেট। এই স্কোর আপাতদৃষ্টিতে খুব খারাপ লাগার কথা নয়। কিন্তু খুলনার ব্যাটাররা যে আজ খুনে মেজাজে আছেন, তা কে জানত! সানরাইজার্সের ওপেনাররা তাড়াতাড়ি আউট হয়ে গেলেও তিনে নামা মহম্মদ মিঠুনকে অনেক দিন পর ভালো ছন্দে দেখালো। তাঁর ৫১ বলে ৭২ রানের ইনিংসে ৬টি চার ও ৪টি ছয়।
বিস্ফোরক আন্দ্রে ফ্লেচারের মোকাবিলা না করতে পেরে অসহায় আত্মসমর্পণ সিলেটের বোলারদের
৮.১ ওভারে ৩৪ রানে যখন ৩ উইকেট পড়ে গেছে তখন মিঠুনকে সঙ্গ দিতে আসেন দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো তাঁর ৩০ বলে ৩৪ রানের ইনিংস খুব গতিময় না হলেও ইনিংস ধ্বস প্রতিরোধে সক্ষম হয়েছে। খুলনার পক্ষে ২ উইকেট শিকার করেন খালেদ আহমেদ, মাত্র ২০ রানের বিনিময়ে। নজরকাড়া পারফর্ম্যান্স আসে নাবিল সামাদের থেকেও যিনি ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে কলিন ইনগ্রামের উইকেট তুলেছেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনাকে বিস্ফোরক সূচনা এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার। ফ্লেচার আসরে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি পেলেও সৌম্যকে মাত্র ৭ রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করতে হয়। নাজমুল ইসলাম অপুর বলে আউট হওয়ার আগে মাত্র ৩১ বলে ৪৩ রান করেন সৌম্য, হাঁকান ৬টি চার ও ১টি ছক্কা।
অর্ধশতকের পর বিধ্বংসী রূপ নেন ফ্লেচার। তার সাথে যোগ দেন থিসারা পেরেরা। ৪৭ বলে ৭১ রান করা ফ্লেচার হাঁকান ৫টি করে চার-ছক্কা। ৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২২ রান করে তার সাথে অপরাজিত থাকেন পেরেরা। খুলনা জয় পায় ৯ উইকেট ও ৩৪ বল হাতে রেখে। তিনে ব্যাট করতে নামা থিসারা পেরেরাও বিধ্বংসী মেজাজে ছিলেন। মাত্র ৯ বলে ২২ করেছেন তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে।
সিলেটের বোলিং নিয়ে যত কম বলা যায় ত ভালো। সংযুক্ত আরব আমিরাতের বোলার শিরাজ আহমেদ ও লেগ স্পিনার জুবেইর হোসেইন বাদে প্রত্যেকে খুলনার ব্যাটারদের আক্রমণে জর্জরিত হয়েছেন। ম্যাচের সেরা স্বাভাবিকভাবেই নির্বাচিত হয়েছেন ফ্লেচার। ম্যাচের পর পয়েন্ট তালিকায় খুলনা চতুর্থ স্থানে এবং সিলেট সর্বশেষ স্থানে রয়েছে।