ইমরুল কায়েসের নেতৃত্ব দেখে মুগ্ধ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক স্টিভ রোডস

পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও আত্মতুষ্ট হওয়া নিয়ে দলকে সতর্ক করে দিলেন রোডস

Imrul Kayes
Imrul Kayes. (Photo by Md Manik/SOPA Images/LightRocket via Getty Images)

টানা দুটি ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থান পয়েন্ট তালিকার শীর্ষে। বিপিএলে এর আগে দুটি শিরোপা জিতে নেওয়ার দলের এবারের লক্ষ্য তৃতীয়বারের জন্য ট্রফি ঘরে তোলা। সেই লক্ষ্যে তারা দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছে এবং কুমিল্লাই এখনও অবধি একমাত্র অপরাজিত দল। তবে এমন সাফল্যের পরও খুব বেশি আত্মতুষ্ট হতে চান না কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস।

এমন শুরু দেখে রোডস উচ্ছ্বসিত কারণ এর ফলে যে আত্মবিশ্বাস অর্জন হয় তাতে দল আরও ছন্দ পেয়ে যায়। তবে একইসাথে রোডস মনে করিয়ে দিচ্ছেন কাজ সবে শুরু হচ্ছে, প্রাথমিক সাফল্যের কারণে দল যেন বেশী তুষ্ট না হয়ে যায়।

তিনি বলেছেন, “ইমরুল দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ম্যাচ থেকেই ভালো করেছেন। অধিনায়ক হিসেবে তিনি অনেক পরিণত হয়ে উঠেছেন। এটা একটা ভালো লক্ষণ। তবুও আমরা মাটিতেই পা রাখছি। সামনে অনেক পথ পাড়ি দেওয়া বাকি। ছেলেরা যান স্বাধীনভাবে খেলা উপভোগ করে। এই জয়গুলো উপভোগ করে সামনের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে হবে।”

স্টিভ রোডস শুরুতেই যত বেশী সম্ভব পয়েন্ট সংগ্রহ করে নিতে চান

দুইয়ে দুই জয় প্রসঙ্গে তিনি বলেছেন, “দুই ম্যাচে দুই জয়, ভালো শুরু। দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স আরও বেশী পেশাদার ছিল। স্কোরবোর্ডে যা রান ছিল তা যথেষ্ট। শিশিরের মধ্যেও বোলাররা, বিশেষত স্পিনাররা যেভাবে বোলিং করেছে তা দুর্দান্ত। ২-১টি অসাধারণ ক্যাচও হয়েছে। বিশেষ করে ফাফ ডু প্লেসির ক্যাচটা। এই পারফরম্যান্সে আমরা কোচিং স্টাফের সদস্যরা অনেক খুশি।”

কুমিল্লা তাদের দুটি ম্যাচেই তাদের অন্যতম প্রধান তিন ক্রিকেটারকে ছাড়া খেলেছে। তারকা ওপেনার লিটন দাস চোটের কারণে এখনও মাঠে নামেননি। অসুস্থতায় মাঠের বাইরে সুনীল নারিনও। ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার কারণে মইন আলি এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাঁরা যোগ দিলে দলের শক্তি আরও বৃদ্ধি পাবে নিঃসন্দেহে।

তারকাদের না পাওয়ার বিষয়ে রোডস বলেছেন, “নারিন শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি অলরাউন্ডারদের একজন। লিটনের এখনও দলে ফেরা বাকি। মইনও আসবেন। শুরুতে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করে নিতে হবে।”

বাংলাদেশের প্রাক্তন কোচ বিপিএলের সঙ্গে জড়িত হতে পেরে খুশি। তিনি বলেছেন, “আমি বিপিএলে কাজ করতে চেয়েছিলাম। ২০১৯ সালে বিপিএল দেখে মুগ্ধ হয়েছিলাম। এবার যুক্ত হতে পেরে তাই ভালো লাগছে। এটা একটি ভালো প্রতিযোগিতা।”

close whatsapp