চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক নির্বাচিত হলেন মেহেদী হাসান মিরাজ

চট্টগ্রামের হয়ে প্রথম খেলার সুযোগ পেয়েই অধিনায়কত্বের দায়িত্ব পেলেন মিরাজ

Mehidy Hasan Miraz
Mehidy Hasan Miraz. (Photo by Zabed Hasnain Chowdhury/SOPA Images/LightRocket via Getty Images)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম সংস্করণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের অধিনায়ক হিসেবে বেছে নিল তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। বুধবার (১৯শে জানুয়ারি) রাতে মিরাজকে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে বন্দরনগরীর দলটি।

ড্রাফটের পর স্পষ্ট হয়ে গিয়েছিল এবারের বিপিএলে তারুণ্যের উপর নির্ভর করেই সাফল্য পেতে চায়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের বিদেশীরা অভিজ্ঞ হলেও দেশী ক্রিকেটারদের অধিকাংশেরই অভিজ্ঞতা তেমন বেশী না হওয়ায় স্পষ্ট হচ্ছিল না দলটি অধিনায়ক হিসেবে কাকে বেছে নেবে। শেষপর্যন্ত বেছে নেওয়া হল পোড়খাওয়া মিরাজকেই। মিরাজের বয়স মাত্র ২৪ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পাঁচ বছরের বেশী সময় ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা আছে। মিরাজের নাম ঘোষণার পর তাঁর মাথায় টুপি পরিয়ে দেন দলের প্রধান কোচ ও প্রাক্তন ইংলিশ উইকেটকিপার-ব্যাটার পল নিক্সন।

দায়িত্ব পাওয়ার পর সবার থেকে সহায়তা প্রত্যাশা করছেন মেহেদী হাসান মিরাজ

নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর মিরাজ বলেন, “এ বছর প্রথম চট্টগ্রামের হয়ে খেলছি। তারা আমাকে যে সম্মান দিয়েছে, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। এ বছর খুবই ভালো দল করা হয়েছে। নিউজিল্যান্ডে বসে সবাই দল গঠন দেখছিলাম। তরুণদের নিয়ে দল গড়া হয়েছে, তরুণদের ওপর এই আস্থার চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। এটা আমাদের দায়িত্ব।”

দল গঠনের সময় মূলত তরুণ ব্রিগেডের দিকেই নজর দিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের ৩ তরুণকে নিয়েছে তারা। দলে আছেন আফিফ হোসেন ধ্রুব, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধর মত তরুণরাও। আফিফ নিয়মিতই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন ইদানীং। গত বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলে প্রচারের আলোয় আসা নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছিল ড্রাফটের আগেই।

শুধু তরুণদের উপরেই নয়, মিরাজ আস্থা দেখাচ্ছেন দলের অভিজ্ঞ ক্রিকেটারদের উপরও। তিনি বলেছেন, “এনামুল হক জুনিয়র আছেন, নাঈম ইসলাম আছেন। তাঁরা দেশকে অনেক দিন ধরে নিজেদের পরিষেবা দিয়েছেন। তাঁদের কাছেও সহায়তা চাইছি। এর আগে অন্য দলকে নেতৃত্ব দিলেও আমি প্রথম চট্টগ্রামকে নেতৃত্ব দেব। সবাই মিলে সহায়তা করলে আমার কাজ সহজ হয়ে যাবে।”

দলে বিদেশী ক্রিকেটারদের মধ্যে যাঁরা রয়েছেন তাঁরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম না হলেও নিজেদের দিনে কার্যকরী পারফর্ম করার ক্ষমতা রাখেন প্রত্যেকেই। বিপিএলে আগে খেলে যাওয়া ইংল্যান্ডের বেনি হাওয়েলকে অনেক সমর্থকেরই মনে থাকার কথা। তা ছাড়া খেলতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের কেনার লিউইস ও হাওয়েলের স্বদেশী উইল জ্যাকসকেও। ড্রাফট থেকে বেছে নেওয়া হয়েছে দুই অভিজ্ঞ ক্যারিবীয় ক্রিকেটার চ্যাডউইক ওয়ালটন ও রায়াড এমরিটকে।

close whatsapp