অধিনায়কোচিত অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ রুখে দিলেন কুমিল্লার অপ্রতিরোধ্য গতিকে
বল হাতে আন্দ্রে রাসেল ৩ উইকেট নিয়ে জ্বলে উঠলেন
আপডেট করা - Feb 1, 2022 4:47 pm

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত হওয়া বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেল মিনিস্টার ঢাকা। ম্যাচের আগে টস হারা ছাড়া আর বাকি সবকিছুই তাদের পক্ষে গেল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের বড় স্কোর খাড়া করে ঢাকা। ঢাকার হয়ে চারে নেমে ৭০ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ অসামান্য ব্যাটিং প্রদর্শন করলে। চলতি বিপিএলে একমাত্র সেঞ্চুরি করা ব্যাটার তামিম ইকবালও রান পেয়েছেন।
ম্যাচ জেতানো ৭০ রানের ইনিংস খেলার পথে একাধিক রেকর্ড নিজের নামে করেন মাহমুদউল্লাহ
৪১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংসে ঢাকার অধিনায়ক একাধিক মাইলফলক স্পর্শ করলেন। তৃতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০০ রান করার পাশপাশি বিপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে ২০০০ রানের গণ্ডি টপকালেন। এ ছাড়া বিপিএলে নিজের সর্বাদিক রানের ইনিংসটিও খেললেন। তাঁর ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা। অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল ৩৫ বলে ৪৬ রান করেন। আন্দ্রে রাসেল শেষের দিকে ৭ বলে ১১ রান করেন। কুমিল্লার পক্ষে দুটি উইকেট শিকার করেন তানভীর ইসলাম।
আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ১৮০ রান টপকানো কুমিল্লার ব্যাটাররা এই ম্যাচেও ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে আত্মবিশ্বাস পেত, যদি না শুরুতেই লিটন দাস ও ফাফ ডু প্লেসির উইকেট পড়ে যেত। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই লিটন দাসকে হারায় কুমিল্লা। গত ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ ডু প্লেসি ৮ রানে আউট হয়ে যান।
তারপরে মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক ইমরুল কায়েস ব্যাট হাতে জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুই সেট ব্যাটারকেই ড্রেসিংরুমে ফেরান রাসেল। একই ওভারে ইমরুল (২৩ বলে ২৮) ও মাহমুদুলকে (৩০ বলে ৪৬) বোল্ড করে কুমিল্লার যাবতীয় আশা নিভিয়ে দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
শেষপর্যন্ত ১৭.৩ ওভারে ১৩১ রানে অল আউট হয়ে যায় দুইবারের চ্যাম্পিয়নরা। আফগান অলরাউন্ডার করিম জানাতের ১১ বলে ১৭ ও আরিফুল হকের ১০ বলে ১২ রানের ইনিংস ছাড়া আর কেবল তানভীর ইসলাম দুই অঙ্কের রানে পোঁছতে পারেন। ঢাকার পক্ষে আন্দ্রে রাসেল তিনটি এবং আফগান স্পিনার কাইস আহমেদ ও এবাদত হোসেন দুটি করে উইকেট শিকার করেন। রুবেল হোসেন পাওয়ারপ্লেতে বোলিং করেও বেশ কৃপণ বোলিংয়ের নিদর্শন রাখেন। তিনি ২ ওভারে ৫ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন।