প্রথম ১০০ ওডিআইয়ের পরে সর্বাধিক রান করার রেকর্ড করলেন বাবর আজম
১০০ ওয়ানডে ম্যাচ খেলে ৫০৮৯ রান করেছেন বাবর
আপডেট করা - May 8, 2023 5:01 pm

নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হেরেছে পাকিস্তান, তবে সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছে। সিরিজে মূলত ব্যাটারদের আধিপত্য দেখা গেছে এবং দুই দলের বেশ কিছু ব্যাটার তাঁদের পরিসংখ্যান উন্নত করেছেন। বেশ কিছু উল্লেখযোগ্য মাইলফলকও স্পর্শ করেছেন ব্যাটাররা। পাকিস্তানি অধিনায়ক বাবর আজম সিরিজের পঞ্চম ম্যাচে, যা কিনা তাঁর বর্ণাঢ্য কেরিয়ার ১০০তম ওডিআই, একটি উজ্জ্বল পরিসংখ্যান অর্জন করেছেন।
নিজের ১০০তম ওডিআইতে মাত্র ১ রানে আউট হলেও, ১০০টি ওয়ানডে খেলার পরে এখন সর্বোচ্চ রানের অধিকারী হিসেবে রেকর্ড করেছেন বাবর। ১০০টি ওডিআই খেলে ৫৯.১৭ গড়ে ৫০৮৯ রান রয়েছে বাবরের। তাঁর সংগ্রহে ১৮টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি।
হাশিম আমলার রেকর্ড ভেঙে বাবর এই কৃতিত্ব অর্জন করেছেন। দ্বিতীয় স্থানে থাকা আমলা ১০০টি ওয়ানডে খেলার পরে ৪৮০৮ রান করেছিলেন। তালিকায় থাকা তৃতীয় নাম হল ভারতের শিখর ধাওয়ান। তিনি ৪৩০৯ রান করেছিলেন ১০০তম ওডিআই ম্যাচ খেলার পরে। ৪২১৭ রান করে চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তালিকায় পঞ্চম ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছেন শে হোপ (৪১৯৩ রান)।
আমাদের সবসময় পরিস্থিতি নির্বিশেষে পারফর্ম করার জন্য প্রস্তুত থাকতে হবে: বাবর আজম
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ১০০তম ওডিআই ম্যাচে ব্যাট হাতে বাবর ব্যর্থ হওয়ার পাশাপাশি তাঁর দলও সন্তোষজনক পারফর্ম্যান্স করতে পারেনি। নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে ২৯৯ রানে অল আউট হওয়ার পরে আয়োজক দলকে ২৫২ রানে সীমাবদ্ধ রেখেছিল।
“এটি একটি দুর্দান্ত সিরিজ ছিল। তবে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে শেষ করতে পারিনি। আমরা শুরুতে ব্যাট হাতে ভালো করতে পারিনি। আগা ও ইফতিখার ভালো জুটি গড়েছিল কিন্তু আমরা তাদের জন্য অনেক বেশি রান রেখে দিয়েছিলাম। আমাদের সবসময় পরিস্থিতি নির্বিশেষে পারফর্ম করার জন্য প্রস্তুত থাকতে হবে। আজ আরও ভালো ক্রিকেট খেলা দরকার ছিল।
“সামগ্রিকভাবে, এটি দলের জন্য একটি ভালো সিরিজ ছিল এবং আমাদের বোলাররা ভালো করেছে। আমরা বেঞ্চ শক্তি পরীক্ষা করতে চেয়েছিলাম এবং এই সিরিজে আমাদের জন্য অনেক ইতিবাচক ছিল। আমরা ৩০০-র বেশী রান তাড়া করেছি এবং ৩০০ রানের কম স্কোর রক্ষাও করেছি। তাই এটি আমাদের জন্য একটি ভালো সিরিজ ছিল,” পাকিস্তান শেষ ওয়ানডে হারার পরে বাবর বলেছেন।