এমনই দশা পাকিস্তানের যে দর্শক টানতে বিনামূল্যের টিকিটের ব্যবস্থা করতে হল

দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২রা জানুয়ারি করাচিতে

Pakistan vs New Zealand
Pakistan vs New Zealand. (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

পাকিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের নাটকীয় সমাপ্তির পর, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্বিতীয় টেস্টের টিকিটের মূল্য মকুব করেছে। ২রা জানুয়ারি থেকে শুরু হওয়া ন্যাশনাল ব্যাঙ্ক ক্রিকেট অ্যারিনায় সিরিজের নির্ধারক ম্যাচ দেখতে দর্শকদের প্রবেশ মূল্য দিতে হবে না।

দুই পক্ষের মধ্যকার সিরিজের উদ্বোধনী ম্যাচে পাঁচ দিন ধরেই বিশেষ দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। গ্যালারির প্রচুর আসন ফাঁকা ছিল এবং দর্শকের উপস্থিতির অভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের প্রথম চার দিনে বিশেষ উত্থানপতনও ছিল না, ফলে দর্শকদের মধ্যে উত্তেজনা সঞ্চারিত হয়নি। শেষ দিনে এসে যদিও কিছুটা প্রাণবন্ত হয়ে ওঠে ম্যাচটি।

“স্টেডিয়ামে প্রবেশের জন্য দর্শকদের শুধুমাত্র তাদের আসল সিএনআইসি বা বি-ফর্ম আনতে হবে এবং তারা যে কোনো প্রিমিয়াম (ইমরান খান, কায়েদ, ওয়াসিম আকরাম এবং জহির আব্বাস), প্রথম শ্রেণি (আসিফ ইকবাল, ওয়াকার হাসান এবং মজিদ খান) এবং সাধারণ এনক্লোজার (মুহাম্মদ ব্রাদার্স এবং ইন্তেখাব আলম) থেকে বিনামূল্যে খেলা দেখতে সক্ষম হবেন,” পিসিবি একটি অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে।

কিউইদের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচেও টেস্টে পাকিস্তানের খারাপ ফর্ম অব্যাহত ছিল

পাকিস্তানের সাদা বলের দল এই বছর মাঝারিমানের সাফল্য পেলেও, তাদের টেস্ট দল ঘরের মাঠে একটিও লাল বলের ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর সিরিজ পরাজয়ের শিকার হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার পাকিস্তানের জন্য আরও বেশী লজ্জাজনক ছিল কারণ ঘরের মাঠেই হোয়াইটওয়াশের শিকার হয়েছিল তারা। 

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আরও একটি সিরিজ পরাজয়ের সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের। প্রথম ম্যাচে পাকিস্তানের ফাস্ট বোলিং বিভাগকে দাঁতনখবিহীন দেখিয়েছে। প্রথম টেস্টের পঞ্চম দিনে খারাপ আলো বাধা সৃষ্টি না করলে পাকিস্তানকে আবারও লজ্জার মুখে পড়তে হত। সেক্ষেত্রে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় টেস্টে নামত বাবর আজমের নেতৃত্বাধীন দল। করাচির ন্যাশনাল ব্যাঙ্ক ক্রিকেট অ্যারিনায় ২-৬ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

close whatsapp