পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড: পঞ্চম টি-২০, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
আপডেট করা - Apr 23, 2023 7:19 pm

২৪শে এপ্রিল, সোমবার, রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তান এবং নিউ জিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমের দল। চতুর্থ টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সেই কারণে নিউ জিল্যান্ড আর কোনোভাবেই সিরিজটি জিততে পারবে না। তাই শেষ ম্যাচটি জিতে নিয়ে তারা এই পাঁচ ম্যাচের সিরিজটি ড্র করার চেষ্টা করবে।
পাকিস্তান প্ৰথম দুটি টি-২০ ম্যাচে খুব ভালোভাবে জয় পেয়েছিল। প্ৰথম ম্যাচে ১৮৩ রান তাড়া করতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে গিয়েছিল টম ল্যাথামের দল। সেই ম্যাচে হ্যারিস রউফ ৩.৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ৩৮ রানে জয় পেয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে বাবর আজম ১১টি চার এবং ৩টি ছয় সহ ৫৮ বলে ১০১* রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
তৃতীয় ম্যাচে কামব্যাক করেছিল নিউ জিল্যান্ড। সেই ম্যাচটিতে মাত্র ৪ রানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে টম ল্যাথাম ৪৯ বলে ৬৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। চতুর্থ ম্যাচটি প্ৰথম ইনিংসের ১৮.৫ ওভার অবধি খেলা হয়েছিল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। চ্যাড বাউস ৩৮ বলে ৫৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। মার্ক চ্যাপম্যান ১০টি চার এবং ১টি ছয় সহ ৪২ বলে ৭১* রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। সেই ম্যাচে ইমাদ ওয়াসিম ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। পঞ্চম ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
পিচ কন্ডিশন
পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটার এবং স্পিনাররা বেশি সাহায্য পাবেন। পেসাররা স্লোয়ারের সাহায্য নিতে পারেন। এই পিচে ১৬০-১৭০ রান খুব ভালো বলে গণ্য হবে। টসজয়ী দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
উভয় দলের কম্বিনেশন
পাকিস্তান
চতুর্থ ম্যাচে নাসিম শাহের পরিবর্তে জামান খানকে খেলিয়েছিল পাকিস্তান। তিনি ৩ ওভারে ৩২ রান দিয়েছিলেন এবং কোনো উইকেটও পাননি। তাই শেষ ম্যাচে আবার নাসিম শাহকে খেলাতে পারে পাকিস্তান।
সম্ভাব্য একাদশ: মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), ফাখার জামান, সাইম আইয়ুব, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
নিউ জিল্যান্ড
চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি জেমস নিশাম এবং বেঞ্জামিন লিস্টার। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন হেনরি শিপলি এবং কোল ম্যাককঞ্চি। নিশাম এবং লিস্টার পরের ম্যাচে খেলতে পারবেন কিনা সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি।
সম্ভাব্য একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), চ্যাড বাউস, উইল ইয়াং, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, কোল ম্যাককঞ্চি, রাচিন রবীন্দ্র, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, ইশ সোধি, হেনরি শিপলি।
হেড-টু-হেড
ম্যাচ – ৩৩ | পাকিস্তান – ২০ | নিউ জিল্যান্ড – ১২ | অমীমাংসিত – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের তারিখ – এপ্রিল ২৪, সোমবার
ম্যাচের সময় – ভারতীয় সময় রাত ৯:৩০
টিভি সম্প্রচার – সনি স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – সনিলিভ অ্যাপ