আর কেউ খেলুক না খেলুক, শার্দূল নিশ্চিতভাবে বিশ্বকাপে খেলবেন, মত প্রাক্তন অলরাউন্ডারের
নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআইতে ম্যাচের সেরা হয়েছিলেন শার্দূল
আপডেট করা - Jan 26, 2023 1:20 pm

ইন্দোরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় ওডিআইতে পেসার শার্দূল ঠাকুর তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করেছেন। ব্যাটারদের জন্য অনুকূল পিচে নিউ জিল্যান্ড যখন স্বাচ্ছন্দ্যে রান তাড়া করছিল, তখন খেলার গতিপথ পরিবর্তন করে একই ওভারে ড্যারিল মিচেল ও অধিনায়ক টম ল্যাথামের উইকেট তুলে নেন শার্দূল।
প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড় ইরফান পাঠান মনে করেন যে ৩১ বছর বয়সী অলরাউন্ডার আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অবশ্যই টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ হবেন। তাঁকে স্বাগত জানিয়ে প্রাক্তন ক্রিকেটার আরও উল্লেখ করেছেন যে স্কোয়াডে তাঁর মতো খেলোয়াড় দরকার যারা কখনও হাল ছেড়ে দেয় না।
“আপনি যদি শার্দুলকে জিজ্ঞাসা করেন, সে সব সময় ১ নম্বর হতে চায়। সে সত্যিই ভালো বোলিং করেছে। সে চেষ্টা চালিয়ে যায়। তাকে দেখলে মনে হবে যে তার এই ধরণের সুইং নেই, তার সেই ধরণের গতি নেই যা ধারাবাহিকভাবে ১৪০+ হবে, তবে সে সর্বদা লড়াই করবে এবং সে উইকেট নেওয়ার চেষ্টা করে যাবে,” পাঠান বলেছেন।
“দলে তার মতো খেলোয়াড়দের সবাই চায়। বিশেষ করে বিশ্বকাপের কথা মাথায় রাখলে, তাকে নিয়ে অন্তত ছয়-সাতটি বিকল্প থাকা দরকার টিম কম্বিনেশনের জন্য,” স্টার স্পোর্টস শো ‘ম্যাচ পয়েন্ট’-এ আলোচনা চলাকালীন প্রাক্তন বাঁ-হাতি পেসার বলেছেন।
শার্দূল ঠাকুর সম্পর্কে আমি ততটা নিশ্চিত নই: সঞ্জয় মাঞ্জরেকার
ইরফান পাঠান শার্দূল ঠাকুরকে ভারতের বিশ্বকাপ স্কোয়াডের সদস্য হিসেবে অন্যতম দাবীদার মনে করলেও সঞ্জয় মাঞ্জরেকার নিশ্চিত নন যে এটি সঠিক পদক্ষেপ কিনা। তিনি বিশ্বাস করেন যে হার্দিক পান্ডিয়া একই ধরনের ভূমিকা পালন করতে পারেন, ফলে শার্দূল সুযোগ নাও পেতে পারেন। তবে মাঞ্জরেকার এও বলেছেন যে বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক সময় বাকি আছে এবং এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে।
“শার্দূল ঠাকুর সম্পর্কে আমি ততটা নিশ্চিত নই। এখন এবং বিশ্বকাপের মধ্যে অনেক সময় আছে এবং আরও কয়েকজন দাবীদার আছে। হার্দিক পান্ডিয়াও আছে, যে একই ধরনের ভূমিকায় খেলে। তাই, আমি মানছি যে শার্দূল ঠাকুর পরিকল্পনায় থাকবে, তবে আমি জানি না সে শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাবে কিনা,” ৫৭ বছর বয়সী বলেছেন।