“হুডা কোথায়?” – ভারতের দল নির্বাচন দেখে হতবাক শ্রীকান্ত
অলরাউন্ডার হিসেবে দীপক হুডার ভারতের একাদশে থাকা উচিত, মত শ্রীকান্তের
আপডেট করা - Jul 30, 2022 3:25 pm

ভারতীয় দল ব্রায়ান লারা স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়েছে, এবং স্বাগতিক দলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট একাদশে শ্রেয়াস আইয়ারকে সুযোগ দেওয়ায় নানা মহল থেকে প্রশ্ন উঠেছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন কারণ দীপক হুডার আগে শ্রেয়াস আইয়ার সুযোগ পেয়েছেন।
শ্রীকান্ত বলেছেন যে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে, যে কোন দলের একটি অলরাউন্ডারের প্রয়োজন, এবং হুডাকে সেই জন্যই নির্বাচিত করা হয়েছে এবং তিনি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে ব্যাট হাতে ভালো অবদান রাখার পাশাপাশি বল হাতে কার্যকরী ওভার করে দিয়েছেন।
“হুডা কোথায়? সে টি-টোয়েন্টিতে ভালো করেছে, ওয়ানডেতেও ভালো করেছে। তার সেখানে থাকা উচিত ছিল। বুঝতে হবে টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার দরকার। ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, তাই বেশী অলরাউন্ডার দলের জন্য ভালো,” ফ্যানকোডের বিশেষজ্ঞ প্যানেলে কথা বলার সময় শ্রীকান্ত বলেছেন।
প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা, যিনি সেই প্যানেলের অংশ ছিলেন, তিনি খেলোয়াড় নির্বাচন নিয়ে শ্রীকান্তের বিরোধিতা করেছিলেন। “রাহুল ভাই বিশ্বাস করেন যে একজন খেলোয়াড় যদি দলের হয়ে প্রথমে পারফর্ম করে তাহলে তাকে খেলানো উচিত এবং তাকে সমর্থন করা উচিত। তারপরে আপনি অন্যান্য বিকল্পগুলি নিয়ে এগিয়ে যান,” ওঝা বলেছেন।
কিন্তু ১৯৮৩ সালের বিশ্বকাপ বিজয়ী এই উত্তরে সন্তুষ্ট হননি এবং প্রাক্তন স্পিনারকে থামিয়ে দিয়ে মন্তব্য করেন, “রাহুল দ্রাবিড় কা সোচ হামকো না চাইয়ে। আপকা সোচ চাহিয়ে। অভি চাইয়ে। অভি কর। (আমাদের রাহুল দ্রাবিড়ের ভাবনার দরকার নেই। আপনার ভাবনা চাই। এখনই চাই। এখনই দিন।)
ওঝা শেষ পর্যন্ত তাঁর সিনিয়রের মন্তব্যকে সমর্থন করে হাসিমুখে বলেন, “হুডা তো হোনা চাহিয়ে (হুডার থাকা উচিত)। অবশ্যই হুডা।”