পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই, বিশ্বকাপে অভিযান শুরুর আগে সতর্ক অধিনায়ক মিতালী

বিশ্বকাপের ঠিক আগে অভিজ্ঞ ব্যাটার হরমনপ্রীতকে ফর্মে ফিরতে দেখে সন্তুষ্ট মিতালী

Mithali Raj
Mithali Raj. (Photo by Ashley Allen – ECB/ECB via Getty Images)

তারকা অলরাউন্ডার হরমনপ্রীত কউরের অভিজ্ঞতা ভারতের মিডল অর্ডারের জন্য গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপের ঠিক আগে তাঁকে রানের মধ্যে ফিরতে দেখা দলের জন্য ভালো, ২০২২ আইসিসি মহিলাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগের দিন শনিবার অধিনায়ক মিতালী রাজ বলেছেন। ৩২ বছর বয়সী হরমনপ্রীত বিগত কয়েক মাস ধরে ফর্মে নেই। পঞ্চম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৩ রান করেছিলেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে ১০৪ রান করে বিশ্বকাপের আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

“হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। তিনি (হরমনপ্রীত) দলের প্রধান সদস্যদের একজন এবং তাঁর অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ,” প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন মিতালী। হরমনপ্রীত সম্পর্কে তিনি আরও বলেন, “সে মাঝের ওভারে ব্যাট করতে আসে বলে টেল-এন্ডারদের সাথেও ভালো খেলার ক্ষমতা রাখে। তার ফর্মে আসা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা টপ অর্ডার থেকে যতটা বেশি সম্ভব রান দেখতে চাই। তাই, টুর্নামেন্টের ঠিক আগে তাকে রানের মধ্যে দেখতে পাওয়া ভালো ব্যাপার।”

সাম্প্রতিক অতীতে শাফালি ভার্মাও খুব ভালো ফর্মে নেই, তবে মিতালী আশাবাদী এই তরুণী বিশ্বকাপে ঠিক আগের ছন্দেই ব্যাটিং করবেন। “আমি মনে করি বিশ্বকাপের শুরুতে সবাইকে শূন্য হাতে নামতে হবে। বিগত সিরিজ বা ওয়ার্ম আপ ম্যাচগুলি থেকে, আমরা যা নিতে পারি তা হল আত্মবিশ্বাস। কীভাবে পরিস্থিতি অনুযায়ী খেলা সম্ভব তা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি নিশ্চিত যে শাফালি একজন প্রতিভাবান খেলোয়াড় হওয়ায় সে তার নিজের খেলা বুঝে সঠিক সময়ে ভালো খেলবে” মিতালী বলেছেন। 

ঝুলনের অভিজ্ঞতা দলকে এই বিশ্বকাপে সাহায্য করবে: মিতালী রাজ 

মিতালী বলেছেন যে পাকিস্তান একটি ভালো দল এবং তাঁর নিজের দল বিশ্বকাপ অভিযানের উদ্বোধনী ম্যাচে কখনওই প্রতিপক্ষকে হালকাভাবে নেবে না। “আমি মনে করি পাকিস্তান একটি ভালো দল এবং আমি নিশ্চিত তারা টুর্নামেন্টের জন্য খুব কঠিন প্রস্তুতি নিয়েছে এবং আমরাও করেছি। এখানে আসা প্রতিটি দলই করেছে এবং আমরা কোনো দলকে হালকাভাবে নিতে পারি না। তাই আমরা অনেক তীব্রতা এবং অনেক আত্মবিশ্বাসের সাথে প্রতিটি খেলা খেলতে নামব,” তিনি বলেছেন।

প্রথম ম্যাচ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, “একটি দল হিসাবে, আমরা বিশ্বকাপে নামতে পেরে এবং আগামীকাল আমাদের অভিযান শুরু করতে পেরে উত্তেজিত। ম্যাচটাকে আমরা পাকিস্তানের বিপক্ষে খেলছি ভেবে দেখছি না, আমরা এমন একটি দলের দিকে তাকিয়ে আছি, যারা প্রস্তুত হয়ে এসেছে এবং আমরা আমাদের সেরা পারফর্ম্যান্স দেখানোর জন্য সমানভাবে প্রস্তুত।”

ভারত অধিনায়কের মতো অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীরও সম্ভবত এটি শেষ বিশ্বকাপ হতে চলেছে। মিতালী জানালেন যে তিনি ঝুলনের অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন। এই প্রসঙ্গে মিতালী বলেছেন, “আমরা দুজনেই (আমি এবং ঝুলন) বেশ কিছুদিন ধরে ড্রেসিং রুমের অংশ ছিলাম। আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করা উপভোগ করেছি। ঝুলনকে পেয়ে খুব ভালো লাগছে। কয়েক বছর ধরে সে ভারতের প্রথম সারির বোলার এবং যতবার আমি তাকে বল দিয়েছি ততবারই সে পারফর্ম করেছে। তাই একজন ফাস্ট বোলার হিসেবে তার অভিজ্ঞতা সবসময়ই দল ও তরুণদের এই বিশ্বকাপে সাহায্য করবে।”

close whatsapp