ঝুলন গোস্বামীর মুকুটে নতুন পালক, বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁলেন তিনি
আপডেট করা - Mar 10, 2022 2:15 pm

ঝুলন গোস্বামীর মুকুটে নতুন পালক। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁলেন বাংলার ঝুলন গোস্বামাী। আর এক উইকেট নিতে পারলেই মহিলা বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট নেওয়ার ইতিহাস গড়বেন তিনি। বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের কেটি মার্টিনকে সাজঘরে ফেরানোর পরই নতুন নজির গড়েন চাকদা এক্সপ্রেস। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য ম্যাচ জিততে পারেনি ভারত। তবে ঝুলন গোস্বামীর রেকর্ড গড়তে খুব একটা অসুবিধা হয়নি। মহিলা বিশ্বকাপে ৩৯টি উইকেট নিলেন ঝুলন।
মহিলা বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ঝুলন গোস্বামীকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। হবে নাই বা কেন, বিশ্ব রেকর্ডের সামনেই যে দাঁড়িয়েছিলেন তিনি। এই নিয়ে পঞ্চম মহিলা বিশ্বকাপে নেমেছিলেন ঝুলন। শুরু থেকেই এবার দুরন্ত মেজাজে ছিলেন ঝুলন গোস্বামী। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর হাত ধরেই এসেছিল ভারতের প্রথম সাফল্যটা। পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপটা ভেঙেছিলেন তিনিই।
যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ঝুলন গোস্বামী কিন্তু নিজের রেকর্ড নিয়ে একেবারেই চিন্তিত ছিলেন না। বরং কিউইদের বিরুদ্ধে জিততেই মরিয়া ছিলেন বাংলার এই তারকা পেসার। একটা লক্ষ্য পূরণ হলেও, আরেকটা অবশ্য হয়নি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ৬২ রানে হেরে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
যদিও ঝুলনের মুকুটে নতুন পালক যুক্ত হয়েছে। বিশ্ব ক্রিকেটে এরদিনের ফর্ম্যাটে মহিলাদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ঝুলন গোস্বামী আগেই গড়েছেন। ২০০টিরও বেসী উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এবার তাঁর সামনে ছিল বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডের হাতছানি। এদিন সেই রেকর্ডটাই ছুঁলেন ঝুলন গোস্বামী।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এদিন প্রথমে বোলিং করে ভারত। পূজা বস্ত্রকারের হাত ধরে শুরুটাও ভাল করেছিল ভারত। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। এদিন প্রথম দিকে অবশ্য উইকেট পাননি ঝুলন গোস্বামী। ম্যাচের মাঝামাঝি সময়ই বহু কাঙ্খিত সেই উইকেট পান ঝুলন গোস্বামী। নিউ জিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার কেটি মার্টিনকে সাজঘরে ফেরান তিনি। এদিন ৪১ রান দিয়ে ১ উইকেট নেন ঝুলন গোস্বামী। সেইসঙ্গেই বিশ্বকাপে ৩৯টি উইকেট নিয়ে লিন ফুলস্টনের সঙ্গে এক সিংহাসনে বসেন তিনি।
মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট
লিন ফুলস্টন – ৩৯ (অস্ট্রেলিয়া)
ঝুলন গোস্বামী – ৩৯ (ভারত)
ক্যারল হজ – ৩৭ (ইংল্যান্ড)
ক্লেয়ার টেলর – ৩৬ (ইংল্যান্ড)
ক্যাথরিন ফিটসপ্যাট্রিক – ৩৩ (অস্ট্রেলিয়া)
ঝুলন গোস্বামীর সামনে এখনও অবশ্য সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডের হাতছানি রয়েছে। পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারত। সেখানে আর এক উইকেট নিলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তিনি।