চোট-আঘাতে দীর্ণ ভারতীয় দলের উদ্দেশে বার্তা অধিনায়ক রোহিতের

চোটের কারণে ইতোমধ্যেই দীপক চাহার ও সূর্যকুমার যাদব টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twiter/BCCI)

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে কীভাবে দলের কাজের চাপ ব্যবস্থাপনা এবং সদস্যদের চোটের উদ্বেগ সামলাবেন সেই ব্যাপারে তাঁর দিক থেকে তিনি স্পষ্ট। সম্প্রতি টিম ইন্ডিয়ার বেশ কিছু সদস্য চোটের কবলে পড়েছেন।

কেএল রাহুল, দীপক চাহার, সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দর সবাই ফিটনেস সমস্যার কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে খেলতে পারবেন না। রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট খেলা নিয়েও সংশয়। রবীন্দ্র জাদেজা এবং রোহিত নিজেও সম্প্রতি চোট সারিয়ে ফিরেছেন। প্রথম টি-টোয়েন্টির প্রাক্কালে কথা বলতে গিয়ে অধিনায়ক চোটপ্রবণতার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন যে টিম ম্যানেজমেন্ট সমস্ত খেলোয়াড়দের পর্যাপ্ত বিরতি দেওয়ার বিষয়ে এবং এমনকি এর জন্য একটি “রোডম্যাপ” তৈরী করে দেওয়ার বিষয়ে গভীরভাবে ভাবনাচিন্তা করছে। 

বিরতির সুযোগ থাকলে বিরতি নেওয়া হোক, সতীর্থদের বলেছেন রোহিত

রোহিত এই বিষয়ে বিস্তারিত বলেছেন, “এটি নিয়ে কীভাবে এগোতে হবে সে সম্পর্কে আমার স্পষ্ট ধারণা আছে। স্পষ্টতই, কাজের চাপ সামলানো, শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকের ক্ষেত্রেই মুখ্য হবে। তবে আমাদের স্কোয়াডে সম্প্রতি অনেক চোট আঘাতের ঘটনা ঘটছে। আমাদের খেয়াল রাখতে হবে চোট পাওয়া ক্রিকেটারদের আমরা কীভাবে যত্ন নিচ্ছি। কীভাবে তাদের বদলে বদলে খেলানো যায়, কীভাবে তাদের বিশ্রাম দেওয়া যায়। আমরা এটি পরিচালনা করার চেষ্টা করছি, আমরা কীভাবে এগিয়ে যাব সেই নিয়ে একটি রোডম্যাপ তৈরি করার চেষ্টা করছি।”

স্পষ্টতই, এই রোডম্যাপের অংশ হিসাবে, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তকে লঙ্কানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি থেকে বিরতি দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে রোহিতের নিজের কাজের চাপ নিয়েও উদ্বেগ রয়েছে, বিশেষ করে তিনি যেখানে তিনটি ফর্ম্যাটেরই নেতৃত্বে রয়েছেন।

৩৩ বছর বয়সী মন্তব্য করেছেন যে তিনি সঠিক সময়ে একটি বিরতি নেবেন, এবং যোগ করেছেন যে বর্তমানে তিনি ঠিক আছেন। তিনি বলেছেন, “নিজের প্রসঙ্গে বলতে পারি, আমার কোন সমস্যা নেই, আমি সব ম্যাচ খেলার জন্য প্রস্তুত। কাজের চাপ নির্ভর করে সিরিজের পরে যা ঘটবে তার উপর, আপনাকে এটি প্রত্যেক দিন আলাদা করে বুঝতে হবে। যদি আপনার জন্য বিরতি নেওয়ার সুযোগ থাকে, তবে সেটি নেওয়া হোক। এই মুহূর্তে মনে হচ্ছে ঠিক আছে।”

তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্টে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার লখনউতে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। 

close whatsapp