ভারত বনাম শ্রীলঙ্কা: প্রথম ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

২০২১-এর জুলাইয়ের পরে কোনো ওডিআই সিরিজে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা

Indian Team
Indian Team. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

একটি দুর্দান্ত টি-২০ সিরিজের পর, ভারত ও শ্রীলঙ্কা এখন গুয়াহাটির বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওডিআইয়ের প্রথমটিতে মুখোমুখি হবে৷ সিনিয়র খেলোয়াড়রা টি-টোয়েন্টিতে বিশ্রাম পাওয়ার পরে আবার মাঠে ফিরে আসবেন। রোহিত শর্মা অধিনায়ক হিসাবে ফিরে আসবেন এবং উভয় দলই জিতে সিরিজ শুরু করতে চাইবে।

ভারত শেষবার ওয়ানডে খেলেছিল গত মাসে বাংলাদেশের বিপক্ষে। তারা ২-১ ব্যবধানে সিরিজ হারলেও সিরিজের শেষ ম্যাচে ২২৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে। ঈশান কিষান অসাধারণ পারফর্ম করেছিলেন এবং তিনি দ্রুততম ওডিআই ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নিজের নাম নথিভুক্ত করেছেন। বিরাট কোহলিও তাঁর ৭২তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন।

শ্রীলঙ্কা শেষ কোনো ওডিআই সিরিজ খেলেছিল নভেম্বরে, যখন তারা তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানের মোকাবিলা করেছিল। পাল্লেকেলে স্টেডিয়ামে ভারী বৃষ্টিপাতের কারণে একটি ম্যাচ অমীমাংসিত হয়েছিল। সিরিজ সমাপ্ত হয়েছিল ১-১ সমতায়। টি-২০ সিরিজে হারের বদলা নিতে আগ্রহী হবে দাসুন শানাকার নেতৃত্বাধীন দল।

পিচ কন্ডিশন

গুয়াহাটির বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচটি ব্যাটারদের এবং বোলারদের সমানভাবে সমর্থন করে বলে জানা গেছে। পিচ তুলনামূলক ধীর গতির হওয়ায় স্পিনাররা উপকৃত হবেন। ৩০০-র বেশী স্কোর ওঠার সম্ভাবনা রয়েছে।

উভয় দলের কম্বিনেশন

ভারত

সূর্যকুমার যাদব দুর্দান্ত ফর্মে থাকলেও ভারত সম্ভবত আসন্ন ম্যাচে তাঁকে না খেলিয়ে ওডিআই বিশেষজ্ঞদের নিয়ে যাবে। দলে চোট-আঘাতের কোনো উদ্বেগ নেই। বেশ কিছু দিন পরে ওডিআই দলে মহম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ্‌ ফিরছেন।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ্‌, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি সিরিজ হেরে গেলেও শ্রীলঙ্কা গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখানো পারফর্ম্যান্স পুনরাবৃত্ত করতে হবে। অধিনায়ক দাসুন শানাকা ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন এবং ওয়ানডেতেও একই গতি বজায় রাখার আশা করছেন।

সম্ভাব্য একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থেকশানা, লাহিরু কুমারা।

ভারত বনাম শ্রীলঙ্কা হেড-টু-হেড

ম্যাচ – ১৬২ | ভারত – ৯৩ | শ্রীলঙ্কা – ৫৭ | অমীমাংসিত – ১১ | টাই – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ১০ জানুয়ারি, ভারতীয় সময় দুপুর ১:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp