মেগা নিলামের আগেই পঞ্জাব কিংসের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ওয়াসিম জাফর
আপডেট করা - Feb 11, 2022 4:25 pm

আইপিএলের নিলাম শুরু হতে আর একদিনও বাকি নেই। তার আগেই ধাক্কা পঞ্জাব কিংস শিবিরে। নিলাম শুরু হওয়ার একদিন আগে পঞ্জাব কিংসের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ওয়াসিম জাফর। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তা অবশ্য জানাননি ভারতীয় দলের এই প্রাক্তন তারকা। শুক্রবার সকালেই দলের পঞ্জাবের এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছেন ওয়াসিম জাফর। এই আইপিএলে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে তাঁকে ফের দেখা যাবে কিনা তা অবশ্য এখনই স্পষ্ট নয়।
২০১৯ সালে সেই সময়ের কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হন তিনি। সেইসময় দলের সহকারী কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। কিন্তু গত দুই বছর ধরে আইপিএলের মঞ্চে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারে নি পঞ্জাব কিংস ক্রিকেটাররা। দত দুই মরসুমে তাদের পারফরম্যান্সও তেমন নয়। আর তার জেরেই এবারের আইপিএলের জন্য শক্তিশালী দল গঠন করতে চাইছে পঞ্জাব কিংস।
আসন্ন নিলামের জন্য মাত্র দুজনকে রেখে বাকি সকলকেই ছেড়ে দিয়েছে পঞ্জাব কিংস। ময়াঙ্ক আগরওয়াল ও অর্শদ্বীপ সিংকে দলে রেখেছেন তারা। এমনকী গতবারের অধিনায়ক লোকেশ রাহুলকেও দলে রাখেনি পঞ্জাব কিংস। যা দেখে রীতিমত চমকে গিয়েছিল সকলে। এবার যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা নিলামের মঞ্চে অনেক শক্তিশালী দল গঠন করতে চলেছে, তা এখন বলাই বাহুল্য।
টুইটারে বার্তা দিয়েই পঞ্জাবের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ওয়াসিম জাফর
আর মুখে না বললেও, এবার কোচিং স্টাফেও হয়ত বড়সড় রদবদল করতে চায় পঞ্জাব কিংস। গত দু মরসুম ধরে ওয়াসিম জাফর ব্যাটিং কোচ থাকলেও, সেভাবে তাদের ব্যাটারদের থেকে পারফরম্যান্স পাওয়া যায়নি। দলের হেড কোচ অনিল কুম্বলে অবশ্য তাঁর দায়িত্বেই থাকছে। তবে শুক্রবারই নিজের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন ওয়াসিম জাফর।
সোশ্যাল মিডিয়াতেই নিজের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন ওয়াসিম জাফর। তিনি লিখেছেন, “ধন্যবাদ এবং এগিয়ে চলো পঞ্জাব কিংস। তাদের সঙ্গে কাজ করাটা সত্যিই খুব অভিজ্ঞতা। আগামী দিনের জন্য পঞ্জাব কিংসের কোচ অনিল কুম্বলেকে অনেক শুভেচ্ছা রইল”। টুইটারে এই বার্তা দিয়েই পঞ্জাব কিংসের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি।
ভারতীয় দলের হয়ে ৩১টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়াসিম জাফরের। সেই ফর্ম্যাটে তাঁর সর্বোচ্চ ২১২। এছাড়াও ৩১টি ম্যাচে ওয়াসিম জাফর করেছেন ১৯৪৪ রান। রঞ্জি ট্রফির ম্যাচেও সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে ওয়াসিম জাফরের। তাঁর হাতেই ২০১৯ সালে ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দিয়েছিল পঞ্জাব কিংস। এবার সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।
তাঁর জায়গায় পঞ্জাব কিংসের নতুন ব্যাটিং কোচের দায়িত্বে কে আসেন সেটাই এখন দেখার।