দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের স্কোয়াডে দীপক চাহারের পরিবর্তে এলেন ওয়াশিংটন সুন্দর
আট মাস পরে জাতীয় দলে সুযোগ পেলেন অলরাউন্ডার সুন্দর
আপডেট করা - Oct 8, 2022 4:17 pm

দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওডিআই সিরিজে দীপক চাহারের জায়গায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ওয়াশিংটন সুন্দরকে ভারতের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। লখনউয়ে ভারত প্রথম ম্যাচে হেরেছে এবং সিরিজে টিঁকে থাকতে হলে রাঁচীতে আয়োজিত হতে চলা দ্বিতীয় ওডিআইতে ভারতকে জিততেই হবে। তার আগে সুন্দরকে দলে যোগ করা হয়েছে।
দীপক চাহার ৬ই অক্টোবর, বৃহস্পতিবার, প্রথম ওয়ানডে ম্যাচ খেলেননি এবং শনিবার সিরিজের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। সদ্য সমাপ্ত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে উল্লেখযোগ্য পারফর্ম করেছিলেন দীপক। মনে করা হয়েছিল ওডিআই সিরিজেও শুরু থেকেই খেলবেন তিনি। তবে গোড়ালি মচকে যাওয়ায় তাঁর পক্ষে পুরো সিরিজেই খেলা সম্ভব হচ্ছে না।
চাহার এখন বেঙ্গালুরুতে যাবেন এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) মেডিক্যাল দল পেসারের চোট পর্যবেক্ষণ করবে। রাঁচীর পরে সিরিজের শেষ ওডিআই ম্যাচ খেলতে ভারতীয় দল দিল্লি যাবে। ম্যাচ দুটি রয়েছে যথাক্রমে ৯ ও ১১ অক্টোবর। এই বছরের ফেব্রুয়ারির পর থেকে জাতীয় দলের হয়ে না খেলা ওয়াশিংটন সুন্দর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন অগাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে।
ভারতকে প্রথম ওডিআইতে ৯ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
ভারতীয় দল শিখর ধাওয়ানের নেতৃত্বে ওডিআই সিরিজ খেলছে কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান স্কোয়াডের সদস্যরা ইতিমধ্যেই তাদের প্রশিক্ষণ ও প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। ফলস্বরূপ, ধাওয়ানকে একটি দ্বিতীয় সারির ভারতীয় দলের অধিনায়ক মনোনীত করা হয়েছিল। এই স্কোয়াডে অধিকাংশ ক্রিকেটারই তরুণ এবং অনভিজ্ঞ। আগের ম্যাচে রুতুরাজ গায়কওয়াড় ও রবি বিষ্ণোইয়ের ওডিআই অভিষেক হয়েছিল।
প্রথম ম্যাচে টস জিতে ভারত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং দক্ষিণ আফ্রিকাকে প্রাথমিকভাবে ধাক্কা দিয়ে ১১০ রানের মধ্যে ৪ উইকেট নিয়ে নিলেও ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেন অপরাজিত হাফ সেঞ্চুরি করে নির্ধারিত ৪০ ওভারে ২৪৯ রানে পৌঁছে দেন দলকে। শ্রেয়াস আইয়ার ও সঞ্জু স্যামসন হাফ সেঞ্চুরি করলেও ভারতের পক্ষে তা যথেষ্ট ছিল না এবং ভারত ৯ রানে ম্যাচ হারে।