“প্রবৃত্তিকে অনেক বেশি অনুসরণ করার চেষ্টা করে” – পান্ত সম্পর্কে জাহিরের পর্যবেক্ষণ
চলতি সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব সামলানো পান্ত সমালোচিত হচ্ছেন
আপডেট করা - Jun 19, 2022 2:02 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বের দায়িত্ব পালনের ক্ষেত্রে অস্থায়ী ভারতীয় অধিনায়ক ঋষভ পান্ত প্রচুর সমালোচনার সম্মুখীন হচ্ছেন। ভারতীয় ক্রিকেট অধিনায়কের জন্য ক্রমাগত সমালোচনা স্বাভাবিক কিন্তু পান্ত তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে লড়াই করছেন, ফলে ভক্ত এবং ক্রিকেট পন্ডিতদের কাছ থেকে ক্রমাগত তির্যক মন্তব্য আসছে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান মনে করেন যে পান্ত তাঁর প্রবৃত্তির উপর অনেক বেশি নির্ভর করেন এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় ভারসাম্য খুঁজে বের করতে হবে। দিল্লিতে প্রথম ম্যাচের ঠিক আগে কেএল রাহুল কুঁচকিতে চোট পাওয়ায় ২৪ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটারকে অধিনায়ক করা হয়েছিল। পান্তের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মরসুমটি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে খারাপ ছিল কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট পাঁচ ম্যাচের হোম সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য পান্তকেই যোগ্য মনে করেছিল।
“যখন সে রান করে, লোকেরা তাকে নিয়ে কথা বলে। যখন সে করে না, লোকেরা তখনও তাকে নিয়ে কথা বলে। তার অধিনায়কত্বেও একই ধরণের প্যাটার্ন রয়েছে। আমাদের তাকে সময় দিতে হবে। সে ভিন্নভাবে চিন্তা করতে পছন্দ করে। সে তার প্রবৃত্তিকে অনেক বেশি অনুসরণ করার চেষ্টা করে। সে অনেক সুযোগ নিতে পছন্দ করে। চরম সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে সেই ভারসাম্য খুঁজে বের করতে হবে। এটা ঠিক তার ব্যাটিংয়ের মত,” ক্রিকবাজ-এ জাহির খান বলেছেন।
ভারত প্রথম দুটি ম্যাচে হেরে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে পরের দুটি জিতে সিরিজে সমতা এনেছে। প্রথম দুই ম্যাচে বোলিং বিকল্পের সঠিক ব্যবহার না করায় এবং দ্বিতীয় ম্যাচে ব্যাটিং অর্ডারে দীনেশ কার্তিকের আগে অক্ষর প্যাটেলকে পাঠানোর জন্য পান্ত সমালোচিত হন।
জাহির খান বিশ্বাস করেন ঋষভ পন্ত সময়ের সাথে সাথে ভালো হবেন
পান্ত এই সিরিজে প্রথম চার ম্যাচে ১৪.২৫ গড়ে এবং ১০৫.৫৫ স্ট্রাইক রেটে ৫৭ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর পরিসংখ্যান নিয়েও অনেক প্রশ্ন উঠছে। উল্লেখ্য ৪৭ ম্যাচ খেলার পর ২৩.১২ গড়ে ৭৪০ রান করেছেন এবং স্ট্রাইক রেট ১২৩.৯৫। তবে জাহির পান্তের ক্ষুধা এবং ক্রিকেটের প্রতি আবেগের উল্লেখ করে বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে এই খেলোয়াড় অভিজ্ঞতার সাথে আরও ভাল হবেন।
“তার সম্পর্কে একটি জিনিস যা আলাদা তা হল সে তার ক্রিকেট নিয়ে খুব সিরিয়াস। এই নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। খেলার প্রতি সে খুবই অনুরাগী। সে দ্রুত গতিতে কাজ করতে চায়। সময়ের সাথে সাথে, সে যা চায় তা পাবে কারণ সে জানে সে কোথায় যাচ্ছে,” জাহির বলেছেন।