কার্তিকের আগে কেন অক্ষর, ভারতের ব্যাটিং ক্রম নিয়ে প্রশ্ন তুললেন গাভাস্কার
ছয়ে ব্যাট করতে পাঠানো অক্ষর ১১ বল খেলে ১০ রান করে আউট হন
আপডেট করা - Jun 13, 2022 10:53 am

ভারতের অধিনায়ক হিসেবে ঋষভ পান্তের শুরুটা ভালো হল না। মেন ইন ব্লু চলমান টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর হারের সম্মুখীন হয়েছে এবং আর একটি ম্যাচ হারলে ২০১৯ সালের ফেব্রুয়ারির পর থেকে ঘরের মাঠে প্রথম সিরিজ পরাজয়ের লজ্জার মুখে পড়বে দল।
রবিবার রাতে, হাইনরিখ ক্লাসেনের একটি ক্লাসিক ইনিংসের সৌজন্যে কটকে দক্ষিণ আফ্রিকা দাপটের সঙ্গে জিতেছে। বোলিং ইউনিট, বিশেষ করে স্পিনাররা, দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের সামনে কার্যত আত্মসমর্পণ করে। ১৪৯ রানের মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে ৪ উইকেট হাতে নিয়ে ম্যাচ শেষ করে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
বল হাতে ভারতের খারাপ প্রদর্শনের পাশাপাশি, বিশেষজ্ঞরা অবাক হয়েছেন ভারতের ব্যাটিং ক্রম দেখে। ঈশান কিষাণ এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে ৪৫ রানের জুটির পর, ভারত দ্রুত পরপর তিনটি উইকেট হারায়। সাত ওভার বাকি থাকতে, পান্ত অক্ষর প্যাটেলকে অভিজ্ঞ ব্যাটার দীনেশ কার্তিকের আগে পাঠানোর সিদ্ধান্ত নেন।
কখনও কখনও ‘ফিনিশার’-এর মতো লেবেলগুলি সেঁটে যায়: সুনীল গাভাস্কার
অক্ষর ক্রিজে থাকা অবস্থায় শ্রেয়াস আইয়ার ৪০ রানে আউট হওয়ায় অবশেষে দীনেশ কার্তিককে সাত নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়। কার্তিক ২১ বলে ২টি বাউন্ডারি এবং ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৩০ রান করেন।
ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটিং কিংবদন্তী সুনীল গাভাস্কার এই পদক্ষেপে হতবাক হয়ে গিয়েছিলেন। স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনা চলাকালীন তিনি বলেন, “কখনও কখনও ‘ফিনিশার’-এর মতো লেবেলগুলি সেঁটে যায়। এবং যখন আপনি একজন ফিনিশারের কথা বলেন তখন আপনি মনে করেন তিনি ১৫তম ওভারের পরেই ব্যাট করতে আসবেন। তিনি ১২তম বা ১৩তম ওভারে আসতে পারবেন না। আর আমরা আইপিএলেও এসব ঘটতে দেখেছি। অনেক দল শেষ ৪-৫ ওভারের জন্য তাদের বড় হিটারদের ধরে রেখেছে।”
“তাদের আগে পাঠানো হলে তাদের ক্ষমতা আছে ধীরে-সুস্থে ইনিংস গড়ে তোলার, তখন থেকে তাদের ছক্কা মারতে হবে না। মাঠের এদিক-ওদিক বল পাঠিয়ে এক-দুই নিতে নিতে উইকেট সম্বন্ধে তাদের ধারণা আসে এবং শেষ ৪-৫ ওভারে তারা সেই অনুযায়ী ব্যাট করতে পারে,” গাভাস্কার যোগ করেছেন।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ ওই একই আলোচনার সময় তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কার্তিকের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি বুঝতে পারছি না, কার্তিক ভারতের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। ভারতের হয়ে কত ম্যাচ খেলেছেন দেখুন। আইপিএল নিয়ে কিছু মনে করবেন না। কীভাবে অক্ষর প্যাটেলকে তার আগে পাঠানো যায়? এটা অবিশ্বাস্য,” তিনি বলেন।